
বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে জম্মু-কাশ্মীরের সঙ্গে তুলনা করে বলেন, এখন বাংলার অবস্থা সেখানকার থেকেও খারাপ হয়ে গেছে। একই সঙ্গে দিলীপ ঘোষ রাজ্যের পরিস্থিতি খারাপ হওয়ার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দিকেই অভিযোগ তুলেছেন। তিনি মূলত হাওড়া স্টেশনের উচ্ছেদ নিয়েই এই মন্তব্য করেছেন।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অনুপ্রবেশকারীদের রাজ্যে ঢুকতে দিয়ে বাংলার সংস্কৃতি নষ্ট করেছেন। তিনি জোর দিয়ে বলেন, নতুন বিজেপি-নেতৃত্বাধীন সরকার রাজ্যের সেই নষ্ট হয়ে যাওয়া সংস্কৃতিকে ঠিক করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। দিলীপ ঘোষ বলেন, "আমরা বারবার বলছি যে বাংলার অবস্থা জম্মু-কাশ্মীরের থেকেও খারাপ। আমাদের ভুললে চলবে না যে এখানকার সরকার ও সংস্কৃতি বদলে গেছে... আমরা কিছুই ভুলিনি। অনুপ্রবেশকারীদের এখানে বসতি গড়তে দেওয়াটা বাংলার সংস্কৃতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংস্কৃতি নষ্ট করেছেন, আর আমরা সেটা ঠিক করছি।"
হাওড়া রেল স্টেশনের কাছে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, হাওড়ার মতো বড় স্টেশনগুলো এখন ভিড় ও নোংরায় ভরে গেছে। এর ফলে যাত্রী, বিশেষ করে মহিলা ও শিশুদের বসার মতো জায়গাও নেই।
তিনি আরও বলেন, "শুধু হাওড়া স্টেশন নয়, বাংলার প্রত্যেকটা স্টেশনই এখন বাজারে পরিণত হয়েছে। চারদিকে শুধু নোংরা আর নোংরা। মহিলা, শিশু বা প্রাপ্তবয়স্ক কারোরই বসার জায়গা নেই। রেল তার নিজের সম্পত্তি পুনরুদ্ধার করবে এবং জনগণের সেবার জন্য ব্যবহার করবে। এই কাজ সফল করতে রেল বা বাংলা পুলিশ, সবাই সম্পূর্ণ সহযোগিতা করবে।"
শনিবার সন্ধ্যায় কড়া নিরাপত্তার মধ্যে হাওড়া রেল স্টেশন চত্বরে বেআইনি দখল উচ্ছেদের জন্য একটি বড় অভিযান চালানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষের এই মন্তব্য সামনে এসেছে। বেআইনি নির্মাণ ভাঙার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং বুলডোজার ও ভারী যন্ত্রপাতির ব্যবহার করা হয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকায় আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা ছিল। দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ ও দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
খড়গপুরে সাংবাদিকদের তিনি বলেন, "সারা দেশেই বুলডোজার চলবে। যেখানেই বেআইনি নির্মাণ আছে, সেখানেই বুলডোজার নামানো হবে। বাংলায় যে নতুন সরকার এসেছে, তারা প্রথম দিন থেকেই এই কাজ শুরু করেছে। আমি আবেদন করছি, যারা বেআইনি কাজ করছেন, তারা যেন আইনের মধ্যে থেকে নিজেদের কাজ করেন, সরকার তাদের সবরকম সহযোগিতা করবে... সরকারি জমিতে কোনো ধরনের দখল আমরা বরদাস্ত করব না।"
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.