কলকাতা পুরসভার নির্বাচন কবে হবে? আপাতত সেই প্রশ্নের উত্তর মিলল না সুপ্রিম কোর্টেও। পুরভোট নিয়ে জটিলতা আরও বাড়ল। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর প্রস্তাব দিল দেশের শীর্ষ আদালত। তত দিন পর্যন্ত পুরভোটের উপর স্থগিতাদেশ বহাল থাকবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে আইনি লড়াইয়ে নতুন মোড়। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি মামলাটি ডিভিশন বেঞ্চে পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে শীর্ষ আদালত। তবে ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত পুরভোট বন্ধই থাকতে পারে। বুধবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনা। আদালতের পর্যবেক্ষণ, অকারণে নির্বাচন পিছিয়ে রাখা উচিত নয়। কিন্তু ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে যে আইনি ও তথ্যগত প্রশ্ন উঠেছে, তারও নিষ্পত্তি প্রয়োজন।

সুপ্রিম কোর্টের প্রস্তাব ঠিক কী?

সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী, কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে চলা ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলাটি ডিভিশন বেঞ্চে পাঠানো হতে পারে। সেই সঙ্গে হাই কোর্টের আগের অন্তর্বর্তিকালীন নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার বিষয়টিও বিবেচনা করেছে শীর্ষ আদালত। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডিভিশন বেঞ্চ এই মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচন বন্ধ থাকবে। অর্থাৎ, হাইকোর্টের আগের নির্দেশে পরিবর্তন এলেও এখনই পুরভোটের রাস্তা খুলছে না।

কেন এমন প্রস্তাব সুপ্রিম কোর্টের?

শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, অকারণে নির্বাচন আটকে রাখা উচিত নয়। আদালতের মতে, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে একাধিক আইনি ও তথ্যগত প্রশ্ন রয়েছে। সেগুলি ডিভিশন বেঞ্চ নতুন করে বিবেচনা করে উপযুক্ত নির্দেশ দিতে পারে। এই প্রস্তাবের মাধ্যমে মামলার দুই পক্ষকেই নিজেদের বক্তব্য পেশ করার সুযোগ দিতে চাইছে শীর্ষ আদালত।

রাজ্যের হয়ে কী বললেন তুষার মেহতা?

পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করার জন্য তিনি সময় চান। অন্যদিকে মামলাকারীর হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং অভিষেক মনু সিংভি নিজেদের বক্তব্য জানান। মামলার গুণাগুণ নিয়ে সুপ্রিম কোর্ট যেন আগাম কোনও সিদ্ধান্ত না জানায়, সেই আবেদনও করেন সিংভি।

১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড, কোথায় আপত্তি?

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত ১১ সেপ্টেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছিল। সেই পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন সিপিএম কাউন্সিলর দীপু দাস। মামলাকারীর অভিযোগ, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচিত পুরবোর্ডের অনুপস্থিতিতে পুর কমিশনারের সুপারিশের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

৬ নভেম্বর কী নির্দেশ দিয়েছিল হাইকোর্ট?

গত ৬ নভেম্বর কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা নিয়ে মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশোধিত ওয়ার্ডের ভিত্তিতে কলকাতা পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।

৩০ নভেম্বর কী হতে পারে?

এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ নভেম্বর, সোমবার। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সুপ্রিম কোর্টের প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানাবেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সেই শুনানিতেই মামলাটি ডিভিশন বেঞ্চে পাঠানো এবং অন্তর্বর্তিকালীন নির্দেশের বিষয়ে পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হতে পারে। ফলে কলকাতা পুরভোটের ভবিষ্যৎ আপাতত ৩০ নভেম্বরের শুনানির দিকে তাকিয়ে।।

হাওড়া পুরসভার ভোটের কী হবে?

শুধু কলকাতা নয়, হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। হাওড়ায় ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয়েছে বিধানসভায়। এই পুনর্বিন্যাসের বিরুদ্ধেও হাই কোর্টে মামলা হয়েছে। তবে কলকাতা পুরসভার মামলার সঙ্গে হাওড়ার মামলার বিচারিক অবস্থান এক নয়। হাওড়ার মামলাটি এখনও হাইকোর্টে বিচারাধীন।