
Dooars Elephant Incident: ডুয়ার্সের রেললাইনে আবারও লোকো পাইলটদের সতর্কতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একদল বন্য হাতি। ট্রেন চালকদের এই দায়িত্বশীল ভূমিকা ও বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চমুখ ডুয়ার্সবাসী থেকে শুরু করে পরিবেশপ্রেমী সংগঠনগুলি। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গত রাতে আনুমানিক ৮টা ১০ মিনিট নাগাদ ৭৫৭৪২ ডাউন ধুবড়ি-শিলিগুড়ি ডেমু (DEMU) প্যাসেঞ্জার ট্রেনটি জলপাইগুড়ি জেলার নাগরাকাটা এবং চালসা স্টেশনের মাঝের জঙ্গলপথ অতিক্রম করছিল।
৬৮/১ কিলোমিটার পয়েন্টের কাছাকাছি পৌঁছাতেই ট্রেনের মূল লোকো পাইলট অরুণাভ মিত্র এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তপন কুমার কার্জী দূর থেকেই দেখতে পান, লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি হাতির দল। রাতের অন্ধকারে ট্র্যাকে হাতির পালকে দেখতে পেয়েই বিন্দুমাত্র সময় নষ্ট করেননি দুই চালক। অত্যন্ত তৎপরতার সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে পুরো ট্রেনটিকে থামিয়ে দেন তাঁরা। চালকদের এই নিখুঁত সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধির ফলে হাতির দলটি বিন্দুমাত্র আঘাত না পেয়ে নিরাপদে জঙ্গল পার হয়ে অন্যদিকে চলে যায়।
ঘটনার পর রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমীরা দুই রেলচালকের এই সংবেদনশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া এই রেলপথে বন্যপ্রাণীদের সুরক্ষায় গত কয়েক মাসে বারবার এভাবেই চালকদের সতর্কতায় প্রাণ বেঁচেছে একাধিক হাতির।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.