Viral Video: তিস্তার স্রোতে ভেসে যাচ্ছে হস্তি শাবক! উদ্ধারের সেই ভিডিও দেখুন

Published : Sep 22, 2026, 05:03 PM IST
elephant rescue video elephant rescued teesta river flood video watch

সংক্ষিপ্ত

Viral Video of Elephant Rescued: তিস্তার স্রোতে ভেসে যাওয়া হস্তিশাবককে উদ্ধার করলেন পাঁচ সাহসী মৎস্যজীবী! মায়ের কাছে ফেরার হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।

প্রকৃতির ভয়াল রূপ আর মাতৃত্বের আকুতি—এই দুইয়ের মিশেলে ডুয়ার্সের গজলডোবায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা, যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সোমবার সকালে জঙ্গল থেকে বেরিয়ে সদ্যজাত সন্তানকে নিয়ে তিস্তা পার হওয়ার চেষ্টা করছিল এক মা হাতি। কিন্তু টানা বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠা তিস্তার মারণ স্রোতে মায়ের পাশ থেকেই খড়কুটোর মতো ভেসে যায় মাত্র তিন-চার দিনের অসহায় হস্তিশাবকটি। নদীর পাড়ে দাঁড়িয়ে মায়ের বুকফাটা আর্তনাদ ছাড়া তখন আর কিছুই করার ছিল না।

জলের তোড়ে ভাসতে ভাসতে গজলডোবা থেকে প্রায় চার কিলোমিটার দূরে কাঠামবাড়ি এলাকার পাঞ্জাব বাঁধ সংলগ্ন নদীর গভীরে হাবুডুবু খেতে থাকে শিশুটি। স্থানীয় মৎস্যজীবীদের চোখে এই দৃশ্য পড়তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের একাধিক রেঞ্জের কর্মীরা। তবে আসল ত্রাতা হয়ে ওঠেন পাঁচ সাহসী মৎস্যজীবী—অজয় দাস, বাবলু দাস, গোপাল দাস, মিঠু দাস ও বিশ্বনাথ দাস। এক মুহূর্তও দেরি না করে নিজেদের কাঠের নৌকা নিয়ে উত্তাল স্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়েন তাঁরা, এবং জীবনের ঝুঁকি নিয়ে অবশেষে শাবকটিকে টেনে তোলেন নৌকায়।

বনদফতরের আধিকারিক সুপ্রিয়া সাউ এই ভিডিওটি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'কি অবিশ্বাস্য এক নবজাতক হাতির বাছুরকে তিস্তা নদীতে ভাসিয়ে নিয়ে গেল! বৈকুণ্ঠপুর বন বিভাগের দ্রুত প্রতিক্রিয়ার সাথে স্থানীয় জেলেদের সাহস, সহানুভূতি এবং দ্রুত চিন্তাভাবনা প্রচুর প্রশংসার দাবি রাখে। একসাথে, তারা সফলভাবে ছোট্টটিকে তার উদ্বিগ্ন মায়ের সঙ্গে পুনরায় মিলিত করেছিল।' দেখুন সেই ভিডিওঃ

উদ্ধারের পর হস্তিশাবকটিকে নিয়ে যাওয়া হয় কাঠামবাড়ি রেঞ্জ অফিসে, যেখানে প্রায় দু'ঘণ্টা ধরে তার প্রাথমিক শুশ্রূষা করেন বনকর্মীরা। এদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গলে শুরু হয় মা হাতির খোঁজ। অবশেষে তাকে খুঁজে পেয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে শাবকটিকে ফিরিয়ে দেওয়া হয় তার কাছে। মানুষের গন্ধ প্রথমে কিছুটা সতর্ক করলেও, সন্তানকে কাছে পেয়ে জলে নামিয়ে নিজ হাতে স্নান করিয়ে, তাকে বুকে টেনে নিয়ে জঙ্গলে ফিরে যায় মা হাতিটি।

স্থানীয় জেলেদের এই অসীম সাহস, মানবিকতা আর উপস্থিত বুদ্ধি, তার সঙ্গে বনদপ্তরের তৎপরতা—সব মিলিয়েই আজ প্রশংসায় ভাসছেন তাঁরা। সম্মিলিত এই প্রচেষ্টাতেই ছোট্ট প্রাণটি ফিরে পেয়েছে তার মাকে, আর ভাইরাল এই ভিডিও ছুঁয়ে যাচ্ছে নেটদুনিয়ার প্রতিটি মানুষের মন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

পকেটে থাকা মোবাইল আচমকা বিস্ফোরিত! নিয়ন্ত্রণ হারিয়ে বড় দুর্ঘটনা
Weather Alert: আজ রাতেই গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ বঙ্গের ৬ জেলায় বৃষ্টির সতর্কতা