
Falta Controversy: সোমবার রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভোটাররা তাঁদের ভোটে নির্বাচিত বিধায়কের নাম জানতে পারলেও, দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রের ভোটারদের আরও ২০ দিন অপেক্ষা করতে হবে। কারণ, নির্বাচন কমিশন ফলতা বিধানসভা কেন্দ্রের সব বুথেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। ২১ মে ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। ফলতা বিধানসভা কেন্দ্রের ২৮৫টি বুথেই ফের ভোটগ্রহণ করা হবে। এই কেন্দ্রের ফল প্রকাশিত হবে ২৪ মে। ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) ভোটগ্রহণের দিন অন্যান্য কেন্দ্রের পাশাপাশি ফলতাতেও ভোটগ্রহণ করা হয়। কিন্তু ফলতার একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম-এ বিজেপি (BJP) প্রার্থীর নাম ও প্রতীক টেপ দিয়ে ঢেকে রাখা হয় বলে অভিযোগ। মগরাহাটের একাধিক বুথে আবার ইভিএম-এ আতর লাগানোর অভিযোগ ওঠে। মগরাহাটে পুনর্নির্বাচনের নির্দেশ আগেই দিয়েছিল কমিশন। শনিবার সেই পুনর্নির্বাচন হয়েছে। এদিনই ফলতায় পুনর্নির্বাচনের তারিখ জানিয়ে দেওয়া হল।
বুধবার নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল বলেন, 'যেখানে যেখানে টেপ পাওয়া গিয়েছে, ওয়েব কাস্টিংয়ে দেখেছি, পর্যবেক্ষকদের যে রিপোর্ট এসেছে, সেখানে জিরো টলারেন্সে পদক্ষেপ নেওয়া হবে। আমরা আগাম বললাম, এই জায়গা ছাড়াও যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে পুনর্নির্বাচন হবে। যেখানে আতর পাওয়া গিয়েছে, সেখানেও পুনর্নির্বাচন হবে।' সিইও আরও বলেন, বেশ কয়েকটি বুথ থেকে টেপ, আতর লাগানোর অভিযোগ ওঠায় পুরো বিধানসভাতেই পুনর্নিবাচনের নির্দেশ দেওয়া হতে পারে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হল।
ফলতার ফলতার তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী জাহাঙ্গির খানের (Jahangir Khan) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইসরাফিল চৌকিদারের (Israfil Chowkidar) নেতৃত্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগে রাস্তায় নেমেছেন বহু মানুষ। তাঁরা জাহাঙ্গির ও ইসরাফিলের গ্রেফতারির দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। এরপরেই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.