
AITC Candidate Jahangir Khan: 'ব্যাঘ্র পুনর্মূষিক ভব।' দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের ক্ষেত্রে এই প্রবাদ যথার্থ। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে জাহাঙ্গিরের মুখে চলচ্চিত্রের সংলাপ শোনা গিয়েছিল। দক্ষিণ ভারতের জনপ্রিয় ছবি 'পুষ্পার' সংলাপ 'ঝুঁকেগা নেহি' বলেছিলেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি বিজেপি (BJP), নির্বাচন কমিশন (Election Commission of India) ও আইপিএস অজয় পাল শর্মাকে (Ajay Pal Sharma) হুমকি দিয়েছিলেন। কিন্তু ফলতায় ভোটের ঠিক আগে লড়াই থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলেন সেই 'পুষ্পা'। তিনি 'ঝুঁকে গেলেন'। ফলে ফলতায় নির্বাচনে বিজেপি-কে কার্যত ওয়াকওভার দিল তৃণমূল কংগ্রেস। ২৯৩ কেন্দ্রের ঘোষিত ফলের মধ্যে ২০৭ আসন পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। এবার শাসক দলের আসন সংখ্যা ২০৮ হওয়া কার্যত সময়ের অপেক্ষা।
ভোটের লড়াই থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করে জাহাঙ্গির বলেছেন, ‘আমি ফলতার ভূমিপুত্র। এই মাটির মানুষের পাশে সবসময় থেকেছি, আগামী দিনেও থাকব। কিন্তু রাজনৈতিক সংঘাত বা অশান্তি সৃষ্টি করে নয়, মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। তাই সাধারণ মানুষের শান্তি বজায় রাখতে আমি এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি রাজনীতি করি মানুষের জন্য। ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো বড় কথা নয়, বড় কথা হল ফলতার মানুষের স্বার্থ রক্ষা করা। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, থাকব।’
জাহাঙ্গিরের ভোটের লড়াই থেকে সরে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই জাহাঙ্গিরের বিরুদ্ধেই মানুষকে ভোট দিতে না দেওয়া, নানা ধরনের অত্যাচারের অভিযোগ উঠেছে। এখন তাঁর মুখেই শান্তির বার্তা শোনা যাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত পুরো দক্ষিণ ২৪ পরগনাই তৃণমূল কংগ্রেসের শক্ত গড় হিসেবে পরিচিত ছিল। কিন্তু পালাবদলের পরেই সেখানে ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.