
West Bengal Civic Volunteer: রাজ্যে সরকার বদলের আগে যা ছিল, এখনও ঠিক সেভাবেই চলতে চাইছে। সাধারণ মানুষের উপর অত্যাচারের ঘটনায় ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। জমি দখলকে কেন্দ্র করে এক সত্তরোর্ধ বৃদ্ধা ও তাঁর মেয়েকে মারধরের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত চণ্ডীপুর অঞ্চলে। ইতিমধ্যেই ইংরেজবাজার থানা ও মালদা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, চণ্ডীপুর অঞ্চলের বাসিন্দা ওই বৃদ্ধা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে রাস্তার ধারে পূর্ত দফতরের একটি জায়গায় ছোট্ট ঘর তৈরি করে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় অঞ্চলের সিভিক ভলান্টিয়ার মহম্মদ ইলিয়াসের নেতৃত্বে কয়েকজন ওই জায়গা দখলের চেষ্টা করে এবং বৃদ্ধাকে সেখান থেকে উচ্ছেদ করার হুমকি দেয়। বৃদ্ধার দাবি, তিনি প্রতিবাদ করতেই তাঁর উপর চড়াও হয় অভিযুক্তরা। তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে আক্রান্ত হন তাঁর প্রায় ৫০ বছর বয়সী মেয়েও। অভিযোগ, তাঁকে মারধরের পাশাপাশি বিবস্ত্র করে হেনস্থা করা হয়।
এই ঘটনার পর থেকেই লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ আক্রান্ত পরিবারের। ঘটনার পর আক্রান্ত পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি বিষয়টি মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংয়ের কাছেও জানায়। পুলিশ সুপার জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ও মামলা রুজু করা হবে। অন্যদিকে, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার মহম্মদ ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। স্থানীয় সূত্রের দাবি, অভিযোগ ওঠার পর থেকেই সে গা ঢাকা দিয়েছে।
আক্রান্ত পরিবারের আশা, পুলিশ-প্রশাসন এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাঁদের জমি দখল হওয়া থেকে রক্ষা করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.