সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত, কন্ডাক্টরদের জন্য একাধিক নির্দেশিকা সরকারের

Published : May 27, 2026, 11:23 AM IST
free bus travel for women in west bengal govt guidelines for security of passengers

সংক্ষিপ্ত

আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তাঁদের কোনও ভাড়া দিতে হবে না। এই পরিষেবা চালুর আগে মহিলা যাত্রীদের সুযোগ–সুবিধা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বাসের কন্ডাক্টর ও চালকদের ভূমিকার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। বাসের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই সতর্ক প্রশাসন।

আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তাঁদের কোনও ভাড়া দিতে হবে না। এই পরিষেবা চালুর আগে মহিলা যাত্রীদের সুযোগ–সুবিধা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বাসের কন্ডাক্টর ও চালকদের ভূমিকার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। বাসের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যই আগেভাগেই সতর্ক প্রশাসন। পরিবহণ দফতরের আধিকারিকরা এজন্য কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন।

মহিলাদের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে সরকারের। বহু সরকারি বাসে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও সচল নেই, সেই সমস্ত বাসকে চিহ্নিত করতে বলা হয়েছে পরিবহণ নিগমের আধিকারিকদের। যে সব বাসে এখনও ক্যামেরা নেই, সেগুলিতে দ্রুত সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে, যাতে পরিবহণ দফতরের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো যায়। বাসের ভিতরে একাধিক জায়গায় পুলিশের হেল্পলাইন নম্বর লিখে রাখার কথা বলা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে মহিলারা কল করে পুলিশের দ্বারস্থ হতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাসে মহিলা যাত্রীদের স্বাচ্ছন্দের খোঁজখবর নিতে সারপ্রাইজ ভিজিট করবেন পুলিশ আধিকারিকরা।

সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের কিউআর কোড থাকা ডিজিটাল স্মার্ট কার্ড দেবে রাজ্য সরকার। স্মার্ট কার্ড তৈরির জন্য একাধিক পরিচয়পত্র জমা দেওয়া যাবে। তার মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ১০০ দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত নথি, সরকারি কর্মীদের পরিচয়পত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র এবং রাজ্য সরকারের অন্য কোনও বৈধ পরিচয়পত্র। স্মার্ট কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বাসে মহিলারা ফ্রিতে চড়তে পারবেন। মহিলারা উপরোক্ত যে কোনও বৈধ ফটো আইডি দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করে যাত্রীকে ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ দেবেন।

পরিবহন দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও ভাবেই মহিলা যাত্রী দেখে এড়িয়ে যাওয়া যাবে না। নির্ধারিত স্টপেজে মহিলা যাত্রীদের ওঠা-নামার জন্যে পর্যাপ্ত সময় দিতে হবে। ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (সিএসটিসি), ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউটিসি), ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লিউএসটিসি), নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনবিএসটিসি), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এসবিএসটিসি)–র আওতায় চলা সব সরকারি বাসের কর্মীদের এই নিয়ম মানতে হবে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Jahangir Khan: তৃণমূলের পুস্পাকে রক্ষাকবচে 'না', জাহাঙ্গিরে মুখ ফেরালো কলকাতা হাইকোর্ট
Howrah News: তৃণমূলের অরূপ রায় ঘনিষ্ঠকে চরম জুতোপেটা করল মহিলারা! ক্যামেরাবন্দি গোটা ঘটনা!