
Jahangir Khan: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার জাহাঙ্গিরের রক্ষাকবচের আবেদনের মামলায় বিচারপতি পার্থসারথি সেন জানান, গত ১৮ মে হাইকোর্ট জাহাঙ্গির খানকে যে অন্তর্বর্তিকালীন রক্ষাকবচ দিয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। জাহাঙ্গিরের বিরুদ্ধে যে কটি এফআইআর দায়ের হয়েছিল, সেই সমস্ত মামলাতেই রক্ষাকবচ তুলে নেওয়া হল। ফলে এবার জাহাঙ্গিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত করতে বা গ্ৰেফতার আর কোনও বাধা রইল না।
নির্বাচনের আগেই জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রায় সাতটি এফআইআর দায়ের হয়। গ্রেপ্তারের আশঙ্কা করে রক্ষা কাগজ চেয়ে আদালতের দ্বারস্থ হন ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী। জাহাঙ্গিরের আবেদনে সারা দিয়ে ২৬ মে পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। গত ১৮ মে কলকাতা হাইকোর্টের জাহাঙ্গিরকে দেওয়া রক্ষাকবচ আগামী বুধবারই শেষ হচ্ছে।
সেই জন্য মঙ্গলবার সেই মামলা ওঠে হাইকোর্টে। কিন্তু এদিন সকালে যখন মামলাটি ওঠে তখন কোনও আইনজীবী উপস্থিত না থাকায় মামলাটি পাঠানো হয় নিয়মিত বেঞ্চে। বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে এদিন রিপোর্ট জমা দেয় পুলিশ। সেই রিপোর্ট দেখে বিচারপতি সেনের পর্যবেক্ষণ, 'যেহেতু জাহাঙ্গির খান নির্বাচনে প্রার্থী ছিলেন, তাই তাঁকে নির্বাচনের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল।
তিনি এফআইআর খারিজের কোনও আবেদন করেননি। তাই মামলাকারীর রক্ষাকবচ বহাল থাকার কোনও কারণ নেই। পুলিশ যে রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে জাহাঙ্গির খানের বিরুদ্ধে তদন্ত করা যাবে। তাহলে মামলাকারীর রক্ষাকবচ কেন বহাল থাকবে?'
এর জবাবের জন্য কিছুটা সময় চান জাহাঙ্গির খানের আইনজীবী কিশোর দত্ত। মঙ্গলবার দুপুর দু'টো নাগাদ আবারও এই মামলার শুনানি হয়। তারপরই আদালতের জাহাঙ্গির খানকে দেওয়া সমস্ত রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের ফলে জাহাঙ্গিরের গ্রেফতারিতে আর কোনও বাধা রইল না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।