
BJP vs TMC: হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি মঙ্গলবার পশ্চিমবঙ্গে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি, কুশাসন এবং কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু করতে না পারার মতো গুরুতর অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে পরবর্তী সরকার গড়বে বিজেপি, এমন দাবিও করেন তিনি।
হুগলি জেলায় বিজেপির প্রার্থীদের সমর্থনে একটি রোড শো-তে এসে সাইনি দাবি করেন, শাসকদল তৃণমূল কংগ্রেস এখন পর্দাফাঁসের ভয়ে আতঙ্কিত। তিনি বলেন, "মমতা পাগল হো গ্যয়ি হ্যায় (মমতা পাগল হয়ে গিয়েছেন), কারণ উনি যে দুর্নীতি করেছেন, সেই ফাইলগুলো নিয়ে ভয়ে আছেন... মমতার সঙ্গে একটা গ্যাং আছে; সেই পুরো গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব ফাইল খোলা হবে।" তাঁর অভিযোগ, জনগণের টাকা নয়ছয় করা হয়েছে এবং এখন তৃণমূল নেতৃত্ব ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৃণমূলের আপত্তিকেও উড়িয়ে দিয়েছেন সাইনি। তিনি বলেন, "আমি তো বলেছি যে ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের কথা বলছে। কারণ সিআরপিএফ আগেও আসত, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী আগেও মোতায়েন হতো, এখনও হচ্ছে। কিন্তু ওঁর গুন্ডামি আর চলবে না, চলতে দেওয়াও হবে না। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও অভিযোগ করেন যে তৃণমূল সরকার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সন্দেশখালি এবং আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার মতো একাধিক প্রসঙ্গ টেনে সাইনি বলেন, "মহিলাদের উপর কী ধরনের অত্যাচার করা হয়েছে... একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এত বড় বড় ঘটনা ঘটেছে এবং দোষীদের বাঁচানো হয়েছে।"
বিজেপির 'ডাবল-ইঞ্জিন' সরকারের মডেল তুলে ধরে হরিয়ানার মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের উদাহরণ দেন। তিনি জানান, হরিয়ানায় মহিলাদের আর্থিক সাহায্য, ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার, ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) ফসল কেনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো সুবিধা মানুষ পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক কারণে এই সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে না বলে তাঁর অভিযোগ।
সাইনি বলেন, "অনেক কেন্দ্রীয় প্রকল্প এখানে লাগু করা হয়নি... রাজনৈতিক কারণে এখানকার মানুষ বঞ্চিত হচ্ছেন।" তিনি আরও বলেন, এর ফলেই রাজ্যে দারিদ্র্য ও ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের সংখ্যা বাড়ছে।
সাইনি বাম আমল এবং বর্তমান তৃণমূল সরকার—দুই শিবিরকেই একযোগে আক্রমণ করে বলেন, কয়েক দশক ধরে বাংলা শুধু শোষণ, বেকারত্ব আর শিল্পের অবনতি দেখেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.