
প্রথম দফার ভোট সমাপ্ত। এবার দক্ষিণবঙ্গের পালা। একই দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার নির্বাচন। তবে, ভোট দিতে গেলে সবার আগে প্রয়োজন ভোটার লিস্টে নাম থাকা। দ্বিতীয় প্রয়োজন পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। এই সব কিছুই থাকে ভোটার স্লিপে। প্রতিবারের থেকে এবার নিয়মে এসেছে বদল। এবার কোনও রাজনৈতিক দলের কর্মী নন, বরং বিএলও- রাই দিচ্ছে ভোটার স্লিপ। কিন্তু মুশকিল হল, এখনও অনেকেই ভোটার স্লিপ পাননি। ফলে পার্ট ও সিরিয়াল নম্বর জানতে পারেননি। এবার জেনে নিন ঘরে বসেও পার্ট ও সিরিয়াল নম্বর জানা সম্ভব। জেনে নিন কীভাবে।
খুব সহজে নিজের পার্ট ও সিরিয়াল নম্বর জানতে পারবেন অনলাইনে। সবার আগে voters.eci.gov.in এ ক্লিক করুন। সেখানে গিয়ে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনে ক্লিক করুন। এবার নিজের এপিক নম্বর দিন। মোবাইল নম্বর দিয়ে বা সার্চ বাই ডিটেলসে-র মধ্যে যে কোনও একটি অপশন বেছে নিন। সেখানে প্রয়োজনীয় তথ্য এবং ক্যাপচা দিয়ে সার্চ করুন। তাহলেই সামনে আসবে সকল তথ্য।
আরও একটি সহজ পদ্ধতি আছে। সেক্ষেত্রে SIR-র সময় যে বিএলও কাজটা করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনার ভোটার স্লিপ দিয়ে দেবেন। সেই স্লিপ সঙ্গে নিয়ে ভোট দিতে যান।
এদিকে কাল ছিল প্রথম দফা ভোট। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। কমিশন সূত্র জানা গিয়েছে, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথ আছে। প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ১,৪৭৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীদের সংখ্যা ১৬৭ জন। আয়তনের নিরিখে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র হল শিলিগুড়ি। আয়তন ৪১.৯ বর্গ কিলোমিটার। সবচেয়ে বড় কেন্দ্র কালিম্পং। ভোটার সংখ্যা সবচেয়ে বেশি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৯৬ হাজার। আর সব থেকে ছোট কেন্দ্র মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। সেখানে ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.