
হাওড়া স্টেশনে বান্ডিল বান্ডিল নগদ টাকা-সহ ধরা পড়লেন এক যাত্রী। সুজিত কালে নামে মহারাষ্ট্রের ওই বাসিন্দাকে আটক করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। তাঁর কাছ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তবে বিপুল পরিমাণ ওই নগদের উৎস সম্পর্কে সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে পারেননি সুজিত। রবিবার রাতে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে টহল দিচ্ছিলেন আরপিএফ কর্মীরা। সেই সময় সুজিতের গতিবিধি তাঁদের সন্দেহজনক মনে হয়। তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ কর্মীরা। তাঁর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ব্যাগে তল্লাশি চালানো হয়। তখনই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। হিসাব করে দেখা যায়, নগদের পরিমাণ প্রায় ৬৭ লক্ষ টাকা।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সুজিত মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি দোকান রয়েছে। রবিবার রাতে মুম্বই মেল করে তিনি হাওড়ায় পৌঁছন। তাঁর দাবি, কলকাতার বড়বাজার থেকে সোনা ও রুপো কেনার জন্য ওই টাকা নিয়ে এসেছিলেন।
তবে সুজিতের এই দাবি নিয়ে সন্তুষ্ট নয় আরপিএফ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদের উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এমনকি ওই টাকার বৈধতা প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথিপত্রও দেখাতে পারেননি বলে আরপিএফ সূত্রের খবর।
এর পরেই সুজিতকে আটক করে আয়কর দফতরে খবর দেওয়া হয়। সূত্রের খবর, উদ্ধার হওয়া নগদ টাকা এবং আটক ব্যক্তিকে পরবর্তী তদন্তের জন্য আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.