
সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলের নিরাপত্তা আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard)। অত্যাধুনিক প্রযুক্তির দু’টি এয়ার কুশন ভেহিকল বা হোভারক্রাফট এসে পৌঁছল পশ্চিমবঙ্গের হলদিয়ায়। গত ৭ নভেম্বর H-561 এবং H-562 নম্বরের এই দু’টি যান তাদের নির্দিষ্ট ঘাঁটিতে এসে পৌঁছয়। খুব শীঘ্রই সেগুলিকে আনুষ্ঠানিকভাবে উপকূলরক্ষী বাহিনীর পরিষেবায় অন্তর্ভুক্ত করা হবে।
সুন্দরবনের বিস্তীর্ণ নদীপথ, কাদামাটির চর এবং সমুদ্র উপকূলবর্তী সংবেদনশীল এলাকায় নজরদারি চালানো যথেষ্ট কঠিন। এই পরিস্থিতিতে নতুন দু’টি হোভারক্রাফট ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরদারি ও দ্রুত অভিযান চালানোর ক্ষমতা অনেকটাই বাড়াবে বলে মনে করা হচ্ছে। H-561 এবং H-562-এর গতি আগের যানগুলির তুলনায় বেশি। পাশাপাশি রয়েছে উন্নত নজরদারি প্রযুক্তি। ফলে উপকূলীয় টহলদারি, সামুদ্রিক নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যানগুলি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সুন্দরবন অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব সামলেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর H-182 এবং H-186 নম্বরের এয়ার কুশন ভেহিকল। এবার সেই পুরনো যানগুলির জায়গায় দায়িত্ব নিতে চলেছে নতুন H-561 এবং H-562। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুন্দরবন এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ মাছ ধরা এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন যানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এই দু’টি এয়ার কুশন ভেহিকল তৈরি করেছে গোয়ার Chowgule and Company Pvt Ltd। কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত (Aatmanirbhar Bharat) উদ্যোগের অধীনে দেশীয় প্রযুক্তি ও উৎপাদনকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে এই যানগুলি। ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন শিল্পের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও এই অন্তর্ভুক্তি উল্লেখযোগ্য। হোভারক্রাফটের বিশেষত্ব হল, এটি জল এবং স্থল—দু’ধরনের পৃষ্ঠের উপর দিয়েই চলাচল করতে পারে। বায়ুর কুশনের সাহায্যে জল, কাদামাটি, অগভীর নদী এবং জলাভূমির মতো দুর্গম এলাকায় চলতে পারে এই যান। সুন্দরবনের মতো জটিল ভৌগোলিক এলাকায় সাধারণ জলযান যেখানে সমস্যায় পড়তে পারে, সেখানে হোভারক্রাফট দ্রুত অভিযান চালাতে সক্ষম।
নতুন H-561 এবং H-562-এর অন্তর্ভুক্তির ফলে বঙ্গোপসাগর সংলগ্ন উপকূল, সুন্দরবনের নদী-খাঁড়ি এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরদারি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.