
TMC News: তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে ক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন খগেশ্বর রায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম না থাকায় কান্নায় ভেঙে পড়লেন চারবারের বিধায়ক খগেশ্বর রায়। টিকিট না পাওয়ার প্রতিবাদে জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। একইসঙ্গে এই আসনে তৃণমূলের পরাজয়ের আশঙ্কাও প্রকাশ করেছেন। সেই সঙ্গে সোনাজয়ী স্বপ্না বর্মনকে প্রার্থী মানবেন না বলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে All India Trinamool Congress-এর অন্দরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও অস্থিরতা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে রাজগঞ্জ বিধানসভা আসনে খগেশ্বর রায়কে প্রার্থী করা হয়নি। সেই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে সরব হন তিনি।
আবেগঘন কণ্ঠে খগেশ্বর রায় বলেন, “দুঃখে চোখে জল চলে আসছে। আমি চারবার জিতেছি, তবুও আজ দল আমাকে অবিচার করল। আজ আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয়ই কেউ বিপুল টাকা দিয়েছে বলেই প্রার্থী হয়েছে। যে আগে কখনও টিকিট পায়নি, তাকেই এবার প্রার্থী করা হল।”
তিনি আরও দাবি করেন, তাঁর সমর্থনে থাকা বহু কর্মী ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। তাঁর কথায়, “এই পরিস্থিতিতে রাজগঞ্জে তৃণমূল প্রার্থী জিতবে না।” যদিও তিনি জানান, দলনেত্রী Mamata Banerjee এখনও তাঁকে সমর্থন করেন। ভবিষ্যতে অন্য দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন।
এদিকে, খগেশ্বর রায়কে প্রার্থী করার দাবিতে রাজগঞ্জে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। ‘খগেশ্বর রায়কে প্রার্থী চাই’ স্লোগানে সরব হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে দলীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।
রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের প্রভাবশালী নেতাকে টিকিট না দেওয়ার সিদ্ধান্তে রাজগঞ্জে তৃণমূলের সংগঠনে বড়সড় ধাক্কা লাগতে পারে। নির্বাচনের আগে এই অস্বস্তি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.