
ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতালের দোতলায় আগুন লেগে গিয়েছে বলে খবর। বিপদ এড়াতে রোগীদের দ্রুত বাইরে বার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা হাসপাতাল। রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য দমকলকর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও।
কী ভাবে আগুন লেগেছে,পরিষ্কার নয়। তবে পুলিশের একটি সূত্রে খবর, এসি-তে শর্টশার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড। আনন্দলোক হাসপাতালের দ্বিতলে আগুন দেখা যায় প্রথমে। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর যায় দমকলের কাছে। তার কিছু ক্ষণের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তত ক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের একাংশ আগুনের গ্রাসে।
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের কর্মীদের একাংশ জানিয়েছেন, প্রায় ২০ জন রোগীকে স্থানান্তর করা হয়েছে অন্যত্র। সকলে সুরক্ষিত রয়েছেন। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।