
আবারও আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল কংগ্রেস। এবার পুজোর টাকা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। কিন্তু এবারও কলকাতা হাইকোর্টে তাদের ধাক্কা খেতে হলো। শুনানি হবে জানালেও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
পুজো আদালত নিযুক্ত স্পেশ্যাল অফিসারের দ্বূারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। দলীয় ফান্ড চেয়ে তারা আবেদন জানিয়েছিল। তাদের বক্তব্য হল, পুজোর আগে কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়ার টাকা চাওয়া হয়েছে। কিন্তু তা দিচ্ছে না আদালত নিযুক্ত অফিসার সুব্রত তালুকদার। আর সেই কারণেই দলীয় ফান্ড থেকে টাকা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে। পুজোর আগেই যাতে তাদের দলীয় তহবিলের টাকা ব্যবহার করতে দেওয়া হয়, তারও আবেদন জানিয়েছিল মমতাপন্থীরা।
মমতাদের দাবি, স্পেশ্যাল অফিসার জানতে চেয়েছেন শুধু উপনির্বাচনের জন্য তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করা হয়েছে কিনা, যদি তা অনির্দিষ্ট কালের জন্য হয়ে থাকে তবে তা স্পষ্ট করে জানাতে হবে।
মমতাপন্থী তৃণমূলের পক্ষের আবেদনের শুনানি হবে। কিন্তু কালীঘাট তৃণমূলের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন, বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানিয়েছেন পুজোর ছুটির পরে আদালত খুললে সেই মামলার শুনানি হবে।
অবৈধ লেনদেনের অভিযোগ তুলে কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল ভেঙে যায়। ঋতব্রত শিবিরের অরূপ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তারপরেই সেই অ্যাকাউন্ট ব্যবহারের দাবিতে আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। মূলত তৃণমূলের নাম, প্রতীক আর ফান্ড কার - তা নিয়ে ঋতব্রত শিবিরের সঙ্গে মামলা চলছে। তাতেই টাকা ব্যবহার করতে পারছেন না মমতাপন্থী নেতারা।