
Kolkata Municipal Vote 2026: পুজো শেষ হতে না হতেই বেজে যাবে আরও এক ভোটের বাদ্যি? তাই নিয়েই চলছে তোড়জোড়। সূত্রের খবর, নভেম্বরের শেষেই পুরভোট হতে পারে। আর তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু রাজ্য নির্বাচন কমিশনের (West Bengal Election Commission)।
নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই রাজ্যে পুরভোট করার তোড়জোড় শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি এগোচ্ছে। সেই মতো ভোটার তালিকা পোলিং স্টেশন ওয়ার্ডভিত্তিক আসন সংরক্ষণ সব ক্ষেত্রেই প্রস্তুতি শুরু হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সংশোধিত ভোটার তালিকার ভিত্তিতেই আসন্ন পুরভোট পরিচালিত হবে। ভোট প্রক্রিয়ায় নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার যাবতীয় নির্দেশিকা মেনে চলা হবে বলেও জানা যাচ্ছে। এদিকে ওয়ার্ড বিন্যাসেও বড়সড় পরিবর্তন হয়েছে। কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ করার প্রক্রিয়া চলছে। হাওড়ায় ৫০ থেকে বেড়ে ওয়ার্ড সংখ্যা ৬৮ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে হলদিয়া পুরসভায় ২৯টি থেকে ওয়ার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ৩০।
কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে কলকাতা, হাওড়া বালি ছাড়াও ঝাড়গ্রাম, কালিম্পং, কার্শিয়াং এবং ধূপগুড়ি পুরসভায় ভোট হতে পারে। পুরভোটের প্রস্তুতি নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকও রয়েছে। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির পাশাপাশি পোলিং স্টেশন এবং ওয়ার্ডভিত্তিক জনসংখ্যার নিরিখে আসন সংরক্ষণের রূপরেখা চূড়ান্ত করা হতে পারে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর এবার রাজ্যে পুরভোটের প্রস্তুতিও গতি পেতে শুরু করেছে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভোট করানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে রাজ্য নির্বাচন কমিশন।