
Calcutta High Court: কালীঘাটপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রস্তাবিত শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি না দিয়ে গণতান্ত্রিক তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই নিয়ে সুপ্রিম কোর্টেরও দারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্ট এই মামলা হাইকোর্টে ফিরিয়ে দিয়ে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।
সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই মামলার শুনানিতে আদালতের একাধিক কড়া প্রশ্নের মুখে পড়লেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এদিন আদালতে শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য তার যুক্তির স্বপক্ষে সমস্ত নথি আদালতে পেশ করে দাবি করেন, গত ১৫ মে-র আগে বিধানসভার অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করায় সমস্ত প্রশাসনিক বা সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না।
স্পিকারের মতো সাংবিধানিক পদকে সম্পূর্ণ এড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচন করা আইনগতভাবে সম্ভব ছিল না। অতিরিক্ত এজি দাবি করেন, ১৫ মে স্পিকার দায়িত্বভার গ্রহণ করার পর ১৯ থেকে ২৪ মে কার রথীন্দ্রনাথ বসু সরকারি কাজে কলকাতার বাইরে ছিলেন। গত ৬ মে তারিখে নেওয়া একটি রেজোলিউশন গত ১৯ মে স্পিকারের কাছে জমা পড়ে। পরে বিরোধী পক্ষও স্পিকারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতেই পরবর্তীতে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
রাজ্যের আইনজীবীর এই বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি কৃষ্ণা রাও। বিরোধী দলনেতা নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, গত ২৫ মে থেকে ১ জুন, এই দীর্ঘ সময় কেন স্পিকার চুপচাপ বসে রইলেন? ৫৪ জন বিধায়ক তাঁর কাছে উপস্থিত হওয়ার পর তিনি কী কারণে ৭৮ জন বিধায়কের মধ্যে নেওয়া প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে মাত্র ৫৬ জন বিধায়কের সমর্থনে নেওয়া প্রস্তাব গ্রহণ করলেন? বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে আরও প্রশ্ন করেন, গত ৯ মে মমতা তৃণমূলের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও কেন গত ২৭ মে আবারও নতুন করে রেজেলিউশন বা প্রস্তাব চেয়ে পাঠালেন স্পিকার? বিরোধীপক্ষের বক্তব্য বা আপত্তি শোনার পর কি স্পিকার তা চেয়েছিলেন? এই প্রেক্ষাপটে দল বলতে লেজিসলেচার পার্টি না দলকে বোঝানো হয়, এদিন সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি কৃষ্ণা রাও।
বিচারপতি কৃষ্ণা রাও তাঁর পর্যবেক্ষণে বলেন, 'স্পিকার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদ। তাই কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কেন অপরপক্ষের বক্তব্য শুনলেন না স্পিকার? অপর পক্ষের বক্তব্য শোনার আইনি প্রয়োজনীয়তা ছিল কিনা, সেটাই এই মামলার মূল প্রশ্ন।'