
TMC News: ভোটের মুখে ফের বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে নাম লেখালেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব। বিনোদন বা গ্ল্যামার নয়, এবার তৃণমূলের হাতিয়ার ক্রীড়া জগত, শিক্ষা এবং আধ্যাত্মিক ক্ষেত্র। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ তনুশ্রী হাঁসদা এবং ইসলামিক স্কলার আব্দুল মতিন, তিনজনকে সামনে রেখেই রণকৌশল সাজাতে প্রস্তুত শাসক দল।
ছাব্বিশের বিধানসভা ভোটে ফের বড়সড় চমক তৃণমূলের। মঙ্গলবার দলে যোগ দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এবার ভোটেও লড়বেন তিনি। বাংলার হয়ে বহু লড়াইয়ের নায়ক এবার রাজনীতির ময়দানে। বাংলার ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামে পরিচিত শিবশংকরের হাতে এদিন তৃণমূলের পতাকা তুলে দেন চন্দ্রিমা ভট্টাচার্য। মনে করিয়ে দিলেন, গত ১৫ বছরে বাংলার ক্রীড়া বাজেটের ব্যাপক উন্নতির কথা।
শুধুমাত্র খেলার মাঠ নয়, আদিবাসী ভোটব্যাঙ্ক এবং সামাজিক সম্প্রীতির বার্তাতেও শান দিল তৃণমূল। এদিন যোগ দিলেন বাঁকুড়ার রানিবাঁধের ভূমিপুত্র তথা বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ তনুশ্রী হাঁসদা। অন্যদিকে, ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে বড় মুখ হিসেবে সামনে আনা হল বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুল মতিনকে। যাঁর অধীনে চলে ৮০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান।
যোগদান পর্বে নজর কাড়ল শিবশঙ্কর পালের সেই চেনা হুঙ্কার, 'মাঠের মানুষ, মাঠেই লড়াই হবে'। এই বার্তায় বুঝিয়ে দিল, আগামী নির্বাচনে 'খেলা হবে' স্লোগানকে তারা আরও জোরালো করতে চলেছে তৃণমূল।
এদিকে, আর কিছুক্ষণ পরেই বঙ্গ বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যের শাসক দল এক দফাতেই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর, নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর ডান হাত হিসাবে পরিচিত পবিত্র কর (Pabittra Kar)-কে টিকিট দিতে চলেছে তৃণমূল। নন্দীগ্রাম ২ নম্বর ব্লক এই বিধানসভার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা।
পবিত্র নিজে এই নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লক থেকে ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভায় বিজেপিকে বড় লিড এনে দিয়েছিলেন। শোনা যাচ্ছে পবিত্রর ওপরই শুভেন্দুকে হারানোর দায়িত্ব দিতে চলেছেন মমতা। আর বাইরে থেকে নয়, এবার নন্দীগ্রামে ঘরের ছেলেকেই জোড়া ফুলের টিকিট দেওয়া হতে পারে। ২০২০ সালে তৃণমূল ছেড়ে সদলবলে বিজেপিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র কর। এরপর থেকে পবিত্র শুভেন্দুর ডান হাত হয়ে বিজেপির হয়ে নন্দীগ্রামে বেশ ভাল কাজ করেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।