
West Bengal Budget: ৫০০ টাকা করে বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar)। আজ বিধানসভা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে এই কথা ঘোষণা করেন। ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়। এরপর কয়েকবার টাকার পরিমাণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এখন সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা এই প্রকল্পে পান মাসে এক হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান মাসে ১,২০০ টাকা। এবার থেকে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পাবেন ১৫০০ টাকা করে। আর তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১৭০০ টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই ঘোষণা।
অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের জমানার শেষ বাজেট। দুপুর ২.৩০টের সময়ে রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক মহলের একাংশের মতে, মহিলা ভোট ধরে রাখতে অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভাণ্ডারে টাকার পরিমাণ বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
এছাড়াও, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিও বাড়ানোর কথা ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী। আজ চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৪ শতাংশ হারে ডিএ বাড়বে। এতদিন পর্যন্ত ১৮ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মীরা। এবার থেকে পাবেন ২২ শতাংশ। আজই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সরকারি কর্মচারীদের ১০০ শতাংশ ডিএ মিটিয়ে দিতে। ২৫ শতাংশ ডিএ দিতে হবে ৩১ মার্চের মধ্যে। বাকি ৭৫ শতাংশ কীভাবে, কত কিস্তিতে দেওয়া হবে তা ঠিক করতে কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত।
এছাডা়ও গ্রামীণ ভোট ব্যাঙ্ক ঠিক রাখতে নানা ঘোষণা করা হয়েছে বাজেটে। যার মধ্যে রয়েছে আশাকর্মীদের ভাতা বৃদ্ধি। আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হল। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা।