
নোংরা আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর কলোনি এলাকা। লাঠিসোঁটা থেকে শুরু করে ইট, হাতের কাছে যা পাওয়া গিয়েছে, তা নিয়েই একে অপরের উপর হামলার অভিযোগ। গ্রামবাসী ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে রক্তাক্ত হন দু'পক্ষের একাধিক ব্যক্তি। ঘটনায় চার-পাঁচজন গ্রামবাসী আহত হওয়ার পাশাপাশি বিজেপি পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর কলোনি এলাকায় প্রায় ১০০ টি পরিবারের বসবাস। দীর্ঘ কয়েক বছর ধরে অধিকাংশ পরিবারের নোংরা জল ও আবর্জনা রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় ফেলা হচ্ছিল। দিনের পর দিন আবর্জনা জমে কার্যত নোংরা স্তূপে পরিণত হয়েছিল জায়গাটি। সেই আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন গ্রামবাসীরা।
অভিযোগ, সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অসীম বারুইয়ের মামা সতীশ রায় গ্রামবাসীদের কাজে বাধা দেন। সতীশ রায়ের পাল্টা অভিযোগ, যে জায়গায় দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, সেটি তাঁদের পেছনের নিজস্ব জায়গা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় জোর করে ওই জায়গাটি দখল করে রাখা হয়েছিল বলেও দাবি তাঁর।
এই জমির মালিকানা ও আবর্জনা পরিষ্কারকে কেন্দ্র করেই প্রথমে শুরু হয় বচসা। ক্রমেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর গ্রামবাসী ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তের মধ্যে লাঠিসোঁটা ও ইট নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন দু'পক্ষের লোকজন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আবর্জনা পরিষ্কার ও জমির মালিকানা সংক্রান্ত বিবাদ কীভাবে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল, তা নিয়ে চাঞ্চল্য দৌলতপুর কলোনিতে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.