
শুক্রবার মুর্শিদাবাদে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করছেন। রেল সূত্রের খবর, নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এক্স-এ (X) একটি পোস্টে লিখেছেন, "আজ সকালে মুর্শিদাবাদের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি, বিশেষ করে বাবা-মায়েদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই গভীর যন্ত্রণা কমানোর মতো কোনও ভাষা নেই। এই কঠিন সময়ে গোটা রাজ্য শোকাহত পরিবারগুলির পাশে আছে।"
দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সবরকম সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক এবং পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন এবং ব্যক্তিগতভাবে সব তদারকি করছেন। আমরা নিশ্চিত করছি যে চিকিৎসাধীনরা যেন সেরা চিকিৎসা পরিষেবা পান। স্বাস্থ্যমন্ত্রী ডঃ সারস্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে দেখছেন যাতে আহতরা মেডিক্যাল কলেজে সেরা চিকিৎসা পান।"
মুখ্যমন্ত্রী আরও লেখেন, "কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্য পুলিশ ইতিমধ্যেই রেলের গেটম্যানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বাস দিচ্ছি যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। মৃতদের আত্মার শান্তি কামনা করি।"
শুক্রবার সকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেল ক্রসিংয়ে একটি ট্রেন স্কুল ভ্যানকে ধাক্কা দিলে তিন ছাত্রের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হয়। সকাল ৭টা নাগাদ ভ্যানটি যখন রেললাইন পার হচ্ছিল, তখনই ট্রেনটি সজোরে ধাক্কা মারে। আহত ছাত্রছাত্রীরা বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা নাগাদ ছাত্রছাত্রীরা একটি ভ্যানে করে স্কুলে যাচ্ছিল। সেই সময় কর্ণসুবর্ণ এলাকার রেল ক্রসিংটি খোলা ছিল। ভ্যানটি লাইনে উঠতেই একটি ট্রেন এসে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জেরে স্কুল ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয়। আহত শিশুদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া এবং তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বহরমপুরের এই স্কুল ভ্যান-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এই দুর্ঘটনার জন্য দায়বদ্ধতার দাবি তুলেছেন এবং রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এই মারাত্মক দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য একটি পূর্ণাঙ্গ তদন্তের উপর জোর দিয়েছেন।
তিনি বলেন, "যেকোনও মৃত্যুই দুঃখজনক, কিন্তু শিশুদের মৃত্যু আরও বেশি হৃদয়বিদারক। একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন, এবং আমি বিশ্বাস করি রেলওয়ে একটি পৃথক তদন্ত করবে।"
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.