
Nadia Election News: তেহট্টে ইভিএম বোঝাই গাড়ি ঘিরে চাঞ্চল্য, সন্দেহে আটকালেন গ্রামবাসীরা। দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন নদীয়ার তেহট্টের ৭৮ নম্বর বিধানসভার অন্তর্গত বাগডাঙা নিরঞ্জন কলোনি, দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত এলাকার ৭৬ নম্বর বুথের সামনে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ, সকাল থেকেই ইভিএম ও ভিভিপ্যাট সমেত তিনটি গাড়ি ওই এলাকায় ঘোরাফেরা করছিল। স্থানীয় গ্রামবাসী ও বিজেপি কর্মীদের দাবি, গাড়িগুলির সঙ্গে কোনও কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের নিরাপত্তা ছিল না। এতে সন্দেহ তৈরি হলে তারা গাড়িগুলি আটক করে দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের ভিতরে নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া কীভাবে ইভিএম মেশিন নিয়ে গাড়ি ঘোরাফেরা করছিল, তা নিয়ে তাদের মনে প্রশ্ন উঠেছে। তাদের দাবি ছিল, ইভিএম মেশিন পরীক্ষা করে দেখাতে হবে এবং সেটি কোন বুথের মেশিন তা স্পষ্ট জানাতে হবে।
পরে প্রশাসনের পক্ষ থেকে ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করে দেখানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর সাধারণ মানুষ ও গ্রামবাসীরা মেশিনগুলি কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন।
অন্যদিকে, ভোট দিতে গিয়ে বিপাকে বৃদ্ধা! ‘আগেই পড়ে গেছে ভোট’ অভিযোগে চাঞ্চল্য। দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন নদীয়ার ভীমপুর থানার অধীনে কৃষ্ণনগর উত্তর বিধানসভার আসাননগর দুর্লভপাড়া ২১১ নং বুথে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে।
অর্চনা মণ্ডল নামে এক বয়স্কা ভোটার স্বামীকে সঙ্গে নিয়ে ভোট দিতে ২১১ নং বুথে যান। অভিযোগ, তাঁর স্বামী ভোট দিতে পারলেও তিনি নিজে ভোট দিতে পারেননি। বুথের কর্মীরা তাঁকে জানান, তাঁর ভোট নাকি আগেই পড়ে গিয়েছে। এই ঘটনায় বিস্মিত হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরে তিনি বিষয়টি প্রশাসনের নজরে আনেন এবং সংবাদমাধ্যমের সামনেও নিজের অভিযোগ তুলে ধরেন। ঘটনাকে ঘিরে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বাসন্তী বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা ছড়াল ৭৬ নম্বর বুথকে কেন্দ্র করে। অভিযোগ, বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। ঘটনায় তাঁর গাড়ি ভাঙচুর করা হয় এবং নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও সামনে এসেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.