বাংলায় ২২টি সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন গড়করির, ১ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা

Published : Nov 26, 2026, 04:43 PM IST
Union Minister Nitin Gadkari in Kolaghat (Photo/@nitin_gadkari)

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি পশ্চিমবঙ্গের কোলাঘাটে ৮,৭০০ কোটি টাকার ২২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। একই সঙ্গে রাজ্যের জন্য অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্যাকেজের ঘোষণাও করেন তিনি।

পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়নে আরও বড় পদক্ষেপের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক জনসভা থেকে রাজ্যের জন্য অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্যাকেজের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি। একই সঙ্গে ৮,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি জাতীয় সড়ক ও পথ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ২ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের কাজ চলছে। নতুন ঘোষণার ফলে রাজ্যে উন্নয়নের গতি আরও বাড়বে।

কোলাঘাটের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির একাধিক নেতা। সভা থেকে বাংলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন গড়করি। তাঁর কথায়, রাজ্যের রাস্তা, সেতু এবং জাতীয় সড়ক পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র একাধিক পরিকল্পনা নিয়েছে। সেই কাজের ধারাবাহিকতা বজায় রেখেই আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করা হচ্ছে। গড়করি বলেন, "বাংলার ছবি বদলানো মোদীজি এবং আমার দায়িত্ব। ২ লক্ষ কোটি টাকার কাজ তো চলছেই। আজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিমবঙ্গের জন্য আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলাম।"

এদিন যে ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, তার মধ্যে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, হাইওয়ে করিডর, সেতু, উড়ালপুল এবং বাইপাসের উন্নয়ন ও সম্প্রসারণের কাজ। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট কমবে এবং পণ্য পরিবহণেও সুবিধা হবে।

গড়করির সফর ঘিরে এদিন সকাল থেকেই আশাবাদী ছিলেন বিজেপি নেতারা। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রীকে 'বিশ্বকর্মা' বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, গড়করি যে পরিকাঠামো প্রকল্পে হাত দেন, তার চেহারাই বদলে যায়। অতীতেও পশ্চিমবঙ্গের জন্য একাধিক বড় হাইওয়ে এবং গ্রিনফিল্ড রাস্তা প্রকল্পে অর্থ বরাদ্দ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তৎকালীন রাজ্য সরকারের অসহযোগিতার কারণে সেই প্রকল্পগুলির কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি বলে অভিযোগ করেন দিলীপ।

দিলীপ ঘোষের কথায়, আগে বাংলার জন্য প্রচুর অর্থ এবং বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও রাজ্য সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি। তবে বর্তমানে বিজেপি সরকার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তাই গড়করির এই সফর রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তাঁর দাবি। তিনি বলেন, "এখন আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আর আমরাও চাই দিনরাত উন্নয়ন হোক।"

এদিন দিলীপ ঘোষ আরও জানান, ফারাক্কায় দ্বিতীয় সেতুর উদ্বোধনের পাশাপাশি আগামী দিনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও ঘোষণা হতে পারে। তাঁর বক্তব্যে উঠে আসে খড়গপুর-মোরগ্রাম গ্রিনফিল্ড রাস্তা এবং শিলিগুড়ি থেকে খড়গপুর হয়ে কাশীর সঙ্গে সংযোগকারী একটি বড় হাইওয়ে প্রকল্পের প্রসঙ্গও। এই প্রকল্পগুলির ঘোষণা আগেই হয়েছিল। তবে বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ এবং রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন ছিল বলে জানান তিনি।

এছাড়াও মেদিনীপুর ও খড়গপুরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টিও তুলে ধরেন দিলীপ। তাঁর দাবি, প্রায় তিন বছর আগেই এই সেতু তৈরির জন্য ৩০৪ কোটি টাকা অনুমোদন করানো হয়েছিল। কিন্তু নানা কারণে কাজ শুরু হতে দেরি হয়েছে। বর্তমানে সেই প্রকল্পের কাজ এগোচ্ছে। দিলীপের মতে, বাংলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সব মিলিয়ে, ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের ২২টি প্রকল্পের সূচনা এবং অতিরিক্ত ১ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্যাকেজের ঘোষণা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের উন্নয়ন নিয়ে। যদিও ঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়ন এবং কাজ শেষ হওয়ার সময়সীমার দিকেই এখন নজর থাকবে সাধারণ মানুষের।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Winter Forecast: পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!
Kolkata Police Death News: বাঁশদ্রোণীতে পুলিশের ব্যারাকে উদ্ধার পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য