
Kolkata Police Death News: বাঁশদ্রোণী পুলিশ ব্যারাকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রের খবর, কলকাতার বাঁশদ্রোণী পুলিশ ব্যারাক থেকে এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার (৪২)। তিনি কলকাতা পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা নাগাদ বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকের ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে খবর, বছর চল্লিশের সঞ্জয় পুলিশের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে পুলিশ ব্যারাকের দোতলার একটি ঘরে একাই ছিলেন তিনি। সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা। সকাল ৮টা নাগাদ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কী কারণে এই মৃত্যু, তার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ফের ধর্ষণের অভিযোগ, এবার সঙ্গীদের নিয়ে গণধর্ষণের অভিযোগ দায়ের। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে ফের উঠল ধর্ষণের অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করলেন এক মহিলা। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ওই মহিলার। সম্প্রতি এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। মনোনয়ন পর্বে পরেশরাম দাস ও তাঁর সহযোগীরা ওই মহিলাকে ঘিরে ধরে মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ করেছেন ওই মহিলা।
উল্লেখ্য, ইতিমধ্যেই ক্যানিংয়ের অন্য একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।