
PNG Connection In West Bengal: যদি আপনার এলাকায় পিএনজি (PNG) গ্যাস পাইপলাইন থাকে, তবে আপনাকে অবশ্যই একটি সংযোগ নিতে হবে। না নিলে আপনার এলজিপি সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তাই, আপনার এলাকায় গ্যাস পাইপলাইন আছে কিনা তা যাচাই করা অত্যন্ত জরুরি। এর জন্য আপনাকে কোনো কোম্পানির অফিসে যেতে হবে না। আপনি ঘরে বসেই খুব সহজে জানতে পারবেন আপনার এলাকায় পিএনজি সংযোগ আছে কিনা। সারা দেশে অনেক সংস্থা পিএনজি সরবরাহ করে। তার মধ্যে রয়েছে আদানি টোটাল গ্যাস, মহানগর গ্যাস (MGL), ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL), GAIL গ্যাস লিমিটেড এবং গুজরাট গ্যাস। এই কোম্পানিগুলো 'সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন' (CGD) নেটওয়ার্ক পরিচালনা করে, যার মাধ্যমে তারা দেশের প্রধান শহর ও শিল্পকেন্দ্রগুলোতে অবস্থিত আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে থাকে।
পশ্চিমবঙ্গে পিএনজি সরবরাহ
বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL), এটি GAIL এবং GECSG-এর একটি যৌথ উদ্যোগ। এই সংস্থাটি পশ্চিমবঙ্গ পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস (PNG) কানেকশন দেয়। বর্তমানে নদিয়ার কল্যাণীর কিছু অংশে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। পাশাপাশি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA) এলাকার অন্তর্গত হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশেও এর নেটওয়ার্ক সম্প্রসারিত হচ্ছে। দুর্গাপুরেও পাইপবাহিত রান্নার গ্যাস সংযোগ মিলবে। গ্যাস সরবরাহের জন্য পানাগড়ে তৈরি গিয়েছে সোর্স পয়েন্ট। সেখান থেকেই বিভিন্ন প্রান্তে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কিছুদিন আগেই সেল কো-অপারেটিভ এলাকার একটি বাড়িতে গ্যাস সরবরাহ করে এই প্রকল্পের উদ্বোধন হয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং আদানি গ্যাস লিমিটেডের যৌথ উদ্যোগের ‘সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্ট’-এর পক্ষ থেকে দুর্গাপুরের অদূরে পানাগড়ে পাইপবাহিত প্রাকৃতিক গ্যাসের (PNG) মূল উৎসস্থল বা ‘সোর্স পয়েন্ট’ স্থাপন করা হয়েছিল। ২০১৮ সালে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের উদ্যোগে ঘোষিত পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান—উভয় জেলারই ‘সিটি গ্যাস পাইপলাইন প্রকল্প’-এর দায়িত্ব পায় এই যৌথ উদ্যোগটি। বর্তমানে ‘গেইল’ (GAIL)-এর পক্ষ থেকে জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ চলছে। কাঁকসা ব্লকের গোপালপুর এলাকায় ইতিমধ্যেই প্রায় ১,৫০০টি বাড়িতে পিএনজি (PNG) সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) ২০২৬ সালের মার্চের মধ্যে শিলিগুড়ি মহকুমায় পাইপবাহিত প্রাকৃতিক গ্যাসের (PNG) সংযোগ বিতরণ শুরু করবে। প্রথম ধাপে, প্রায় ৫০০টি পরিবারকে গ্যাসের সংযোগ প্রদান করা হবে। জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে প্রায় ২,৫০০টি ডোমেস্টিক গ্যাস সংযোগের প্রয়োজনীয় পরিকাঠামো HPCL ইতিমধ্যেই গড়ে তুলেছে।
এটি উল্লেখ্য যে, ভারতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন শহরের জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে। শুধু তাদের ওয়েবসাইটে যান, আপনার পিন কোড দিলেই আপনি জানতে পারবেন আপনি সংযোগের জন্য যোগ্য কি না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.