- Home
- Business News
- Bengal Alcohol Consumption: মদ খাওয়ায় মাথাপিছু খরচে দেশে পিছনের সারিতে বাংলা, বিড়ি-সিগারেটে এগিয়ে
Bengal Alcohol Consumption: মদ খাওয়ায় মাথাপিছু খরচে দেশে পিছনের সারিতে বাংলা, বিড়ি-সিগারেটে এগিয়ে
মদ্যপানের খরচের নিরিখে দেশের প্রথম সারিতে নেই পশ্চিমবঙ্গ। বরং বিদেশি মদ ও বিয়ার কেনার ক্ষেত্রে দেশের একাধিক রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলা। তবে মদে খরচ কম হলেও বিড়ি ও সিগারেটের ক্ষেত্রে বাঙালিরা দেশের গড়ের তুলনায় অনেকটাই এগিয়ে।

মদ্যপানের খরচের নিরিখে দেশের প্রথম সারিতে নেই পশ্চিমবঙ্গ। বরং বিদেশি মদ ও বিয়ার কেনার ক্ষেত্রে দেশের একাধিক রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলা। তবে মদে খরচ কম হলেও বিড়ি ও সিগারেটের ক্ষেত্রে বাঙালিরা দেশের গড়ের তুলনায় অনেকটাই এগিয়ে। গ্রামবাংলায় বিদেশি মদ ও বিয়ারের পিছনে বছরে মাথাপিছু খরচ মাত্র ২৪৩ টাকা। অন্যদিকে তেলঙ্গনার গ্রামাঞ্চলে এই খরচ ৩,০৬১ টাকা, সিকিমে ৩,০৪৬ টাকা এবং দিল্লিতে ২,২৯৪ টাকা। অর্থাৎ, এই নির্দিষ্ট খরচের হিসাব ধরলে পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের কয়েকটি রাজ্যের ব্যবধান অনেকটাই বেশি।

শুধু গ্রামাঞ্চল নয়, শহরাঞ্চলেও বিদেশি মদ ও বিয়ারের পিছনে মাথাপিছু খরচের নিরিখে পিছিয়ে পশ্চিমবঙ্গ। লকাতায় বছরে মাথাপিছু বিদেশি মদ ও বিয়ারে খরচ ৫৪৮ টাকা। অন্যদিকে সিকিমে এই খরচ ৪,২৩২ টাকা, অরুণাচল প্রদেশে ৩,৪৫৮ টাকা এবং তেলেঙ্গানায় ২,৯২৬ টাকা। শি মদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা যাচ্ছে। গ্রামবাংলায় দেশি মদের পিছনে বছরে মাথাপিছু খরচ ২১৭ টাকা। অথচ ছত্তিশগড়ে তা ১,০৫৩ টাকা, অরুণাচলে ৯৮৯ টাকা এবং মণিপুরে ৯১৪ টাকা। হরাঞ্চলে পশ্চিমবঙ্গে দেশি মদের পিছনে মাথাপিছু খরচ ১৪৫ টাকা। সেখানে মণিপুরে ৬৯৪ টাকা এবং পাঞ্জাবে ৬৩০ টাকা।
এই পরিসংখ্যানের সবচেয়ে আকর্ষণীয় দিকটি রয়েছে তামাকজাত দ্রব্যের খরচে। মদের পিছনে খরচ কম হলেও বিড়ির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থান বেশ উপরের দিকে। শহরাঞ্চলে বিড়ি: বছরে মাথাপিছু খরচ ১৬০ টাকা। দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। গ্রামাঞ্চলে বিড়ি: বছরে মাথাপিছু খরচ ২৮০ টাকা। শহরে সিগারেট: বছরে মাথাপিছু খরচ ৪৮৬ টাকা। গ্রামে সিগারেট: বছরে মাথাপিছু খরচ ১৫৯ টাকা। তুলনায়, সারা দেশের গড় মাথাপিছু সিগারেট খরচ শহরে ২৭২ টাকা এবং গ্রামে ১১৩ টাকা। অর্থাৎ সিগারেটের পিছনে খরচের নিরিখে জাতীয় গড়ের তুলনায় এগিয়ে পশ্চিমবঙ্গ। শহরাঞ্চলে বিড়ি খরচের তালিকায় বাংলার আগে রয়েছে হরিয়ানা ও হিমাচল প্রদেশ। গ্রামাঞ্চলে রাজস্থানে মাথাপিছু বিড়ির খরচ ৪৩৮ টাকা এবং হরিয়ানায় ৪০২ টাকা।
বিড়ি ও সিগারেটের ক্ষেত্রে এগিয়ে থাকলেও গুটখা, জর্দা বা অন্যান্য চিবিয়ে খাওয়ার তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের খরচ তুলনামূলক কম। গ্রামাঞ্চলে এই খাতে মাথাপিছু বার্ষিক খরচ ১৪২ টাকা এবং শহরে ১৫০ টাকা। অন্যদিকে মধ্যপ্রদেশে গ্রামাঞ্চলে এই খরচ ৭৯২ টাকা এবং শহরে ৭৩৫ টাকা। অর্থাৎ নেশাদ্রব্যের খরচের ধরনেও রাজ্যভেদে বড় পার্থক্য রয়েছে।
মদ্যপানের পিছনে মাথাপিছু খরচের পরিসংখ্যানে বাংলা পিছিয়ে থাকলেও রাজ্য সরকারের আবগারি রাজস্বের ছবিটা সম্পূর্ণ আলাদা। CAG-এর হিসাব অনুসারে ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ মদ থেকে আবগারি বাবদ ১৯,৫২১ কোটি টাকা রাজস্ব পেয়েছে। চলতি অর্থবর্ষে এই খাতে প্রায় ২৫ হাজার কোটি টাকা রাজস্ব আসার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকী রাজ্যে প্রতিদিন গড়ে ৯০-১০০ কোটি টাকার মদ বিক্রি হয়। উৎসবের মরশুমে সেই অঙ্ক বেড়ে ১২৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে। অর্থাৎ মাথাপিছু খরচের পরিসংখ্যানে বাংলা পিছিয়ে থাকলেও মদ বিক্রি থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে রাজ্যের আয় যথেষ্ট বড়।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি। ২৪৩ টাকা মানে বাংলার প্রত্যেক গ্রামবাসী বছরে ঠিক ২৪৩ টাকার মদ খান, এমন নয়। এটি সমীক্ষার ভিত্তিতে হিসাব করা মাথাপিছু গড় বার্ষিক খরচ। এই অঙ্ক দিয়ে সরাসরি কতজন মদ্যপান করেন বা কত লিটার মদ বিক্রি হয়, তা বোঝা যায় না। সব মিলিয়ে, মদ-বিয়ারের খরচে পিছিয়ে থাকলেও বিড়ি ও সিগারেটের খরচে দেশের গড়ের উপরে বাংলা। আর আবগারি রাজস্বের পরিমাণ দেখাচ্ছে, মদ বিক্রির বাজার রাজ্যে যথেষ্ট বড়। এই তিনটি পরিসংখ্যানই পশ্চিমবঙ্গের নেশাদ্রব্য ব্যবহারের একটি অন্যরকম ছবি তুলে ধরছে।