
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুলিশ একটি পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। সাগরদিঘি থানার অন্তর্গত ধুমারপাহাড় এলাকায় এই ঘটনাটি ঘটে। ধৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উজির আলি (৪৩), তাঁর স্ত্রী জাইনুর খাতুন (৩৬) এবং তাঁদের তিন ছেলে—শিহাদ শেখ (১৫), ইনজামুল হক (১০) ও আব্দুল সামাদ শেখ (৪)। পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, উজির আলি প্রায় ১৩ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং পরে সাগরদিঘির ধুমারপাহাড় এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় অভিযান চালানোর সময় পরিবারটিকে আটক করা হয়। এ বিষয়ে আরও তদন্ত চলছে। উজির আলি দক্ষিণ ভারতে রাজমিস্ত্রীর কাজ করতেন। ধুমারপাহাড় এলাকায় জমি কিনে বাড়িও তৈরি করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে সেখানে বসবাসের পাশাপাশি তিনি ভোটার কার্ড ও আধার কার্ডসহ বিভিন্ন ভারতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেন। পুলিশ অভিযান চালিয়ে পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে জাল নথি ব্যবহার করে তারা এ দেশে বসবাস করছিল। পরে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।
গত মাসে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর থেকে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর ফাঁড়ির পুলিশ। ধৃতরা বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা । একজন শফিকুল ইসলাম মোল্লা আর অন্যজন তাঁর স্ত্রী মনিরা বেগম। যশোর জেলার মণিরামপুর থানার নেংগুর বাজার পোস্ট অফিসের অন্তর্গত চালুহাটি গ্রামের বাসিন্দা তাঁরা। দালাল ধরে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই দুই বাংলাদেশি । তারপর দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে বসবাস করতেন।
অন্য একটি ঘটনায়, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েত এলাকার সাঙ্গারবাড়ি গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সকালের দিকে সীমান্তের বাংলাদেশ অংশে ১০ থেকে ১১ জন বাংলাদেশি নাগরিককে জড়ো হতে দেখা গিয়েছিল। বাসিন্দাদের অভিযোগ, এরপর ওই দলটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। তবে ওই এলাকায় মোতায়েন বিএসএফ জওয়ানরা দ্রুত পদক্ষেপ নেন এবং অননুমোদিত প্রবেশ রুখে দেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.