Mamata Banerjee: অন্য পথে শ্রীরামপুর পৌঁছলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতা থেকে উত্তরপাড়া দিয়ে আর শ্রীরামপুরের দিকে এগোলেন না তিনি। বরং, তার পরিবর্তে শনিবার বিকেলে, ডানকুনি দিয়ে দিল্লি রোড হয়ে শ্রীরামপুরে গেলেন তিনি (Mamata Banerjee)। সবথেকে বড় বিষয় হল, মমতার গাড়িকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে পৌঁছে দিয়েছে পুলিশ। ফলে, বেশ নির্বিঘ্নেই সভাস্থলে পৌঁছে গেলেন তিনি। অন্যদিকে, শ্রীরামপুর যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে যে হামলার অভিযোগটি উঠেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে (Mamata Banerjee Latest News)।
প্রসঙ্গত, শনিবার দুপুরে হুগলির শ্রীরামপুরে তৃণমূল নেত্রীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কিন্তু অভিযোগ আসছে, যাওয়ার পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি আটকে ভাঙচুর করা হয়েছে। এমনকি, পাথর এবং রড দিয়ে হামলাও চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। সেইসঙ্গে, ডিমও ছোঁড়া হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, মমতার সভায় যাতে তিনি পৌঁছতে না পারেন, সেইজন্যই এইসব করা হয়েছে। তারপরেই গাড়ি ঘুরিয়ে সটান ভবানী ভবনে চলে যান কুণাল ঘোষ। যদিও তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠছে। কুণাল ঘোষ বলেন, তিনি কোনও অভিযোগ করতে যাননি। তাঁর পুরো অভিযোগ তিনি উত্তরপাড়া থানায় ইমেইল মারফৎ জানিয়ে দিয়েছেন। ভবানী ভবনে শুধুমাত্র নিজের গাড়ির অবস্থাটি দেখাতে যান তিনি। তারপরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কুণাল।
অন্যদিকে, কুণাল ঘোষ যখন ভবানী ভবনে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, ঠিক তখনই শ্রীরামপুরের দিকে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পুলিশের গাড়ি নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। তবে অন্য পথে। কিন্তু যাওয়ার আগে মমতা দাবি করেন, “বিজেপির গুন্ডারা এইসব করেছে। এটা আসলে গণতন্ত্রে একটা অশনিসঙ্কেত।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.