
সিপিএম রাজ্য কমিটি থেকে আগেই পদত্যাগ করেছেন। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অন্যদিকে বৃহস্পতিবার সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠছ ছিল। কিন্তু সেখানে উঠলই না প্রতীক উর রহমানের নাম। তাতেই সিপিএম-এর নিচুতলার কর্মীদের মধ্যে আশঙ্কার কালো মেঘ প্রতীক উর রহমানকে নিয়ে। একের পর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের পরই দলের একাংশের মধ্যে জল্পনা দ্রুত দল বদল করতে পারেন সিপিএম নেতা। তিনি নিজেও তেমনই ইঙ্গিত দিয়েছেন।
সূত্রের খবর শনিবারই দলবদল করতে চলেছেন প্রতীক উর রহমান। তিনি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। যদিও প্রতীক উর বা তৃণমূল কংগ্রেস এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কিছুই জানাননি। কিন্তু প্রতীক উর-এর সাক্ষাৎকার সেই জল্পনাই উস্কে দিয়েছে। তবে আজ শুক্রবার, এদিনও সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠক রয়েছে। আজও প্রতীক উর-এর বিষয় কথা উঠলেও উঠতে পারে। প্রতীক উর ঘনিষ্টদের কথায় সেই কারণেই শুক্রবার পর্যন্ত ডেডলাইন দেখছেন তাঁরা।
সম্প্রতি প্রতীক উর রহমান সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার -সহ একাধিক প্রকল্পের প্রশংসা করেছেন। বলেছেন, এই প্রকল্পগুলি রাজ্যের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সিপিএম-এর লাইনের উল্টো পথে হেঁটে স্পষ্ট করে জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ভিক্ষা নয়, এটি মহিলাদের আত্মসম্মান। আর সেই পথ প্রস্তস্থ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে বিধানসভা ভোটের আগেই সিপিএম- ছেড়ে প্রতীক উর রহমানের তৃণমূলে নাম লেখানো দলের কাছে রক্তক্ষরণ ছাড়া আর কিছুই নয়। রাজ্যে যুব নেতৃত্বের মধ্যে প্রতীক উর যথেষ্ট জনপ্রিয়। সুদক্ষ সংগঠন, সুপক্তা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তৃণমূলের অন্দরে গুঞ্জন, তিনি মগরাহাট বিধানসভা কেন্দ্রে ঘাসফুল প্রতীকে বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.