
Rajanya Haldar News: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) নিজের দল গঠন করে লড়াই করছেন একসময় তৃণমূল কংগ্রেসের (AITC) উঠতি নেত্রী রাজন্যা হালদার। তিনি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে নিজের দলের কথা ঘোষণা করেছেন। তাঁর দলের নাম 'জনসংগ্রাম মঞ্চ'। জোড়া আসনে লড়াই করার কথা ঘোষণা করেছেন রাজন্যা। তিনি সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ কেন্দ্রে লড়াই করবেন। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রাজন্যার অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন রাজ্যের শাসক দলে তাঁর একসময়ের সহকর্মী অরুন্ধতী মৈত্র (Arundhuti Maitra)। যিনি লাভলি মৈত্র নামেই বেশি পরিচিত। আসানসোল দক্ষিণে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) বিরুদ্ধে লড়াই করতে চলেছেন রাজন্যা। দুই কেন্দ্রেই তাঁর লড়াই অত্যন্ত কঠিন। তবে লড়াই করতে চাইছেন তিনি।
নিজের দল ঘোষণা করার পর রাজন্যা বলেছেন, 'ভোটের ময়দানে থাকব। ২০২৬ আমাদের কাছে বিন্দু, সিন্ধু তৈরি করতে পারব না, সরকার বদলাতে পারব না। হারি কি জিতি সেটা পরের কথা, লড়াইয়ের ময়দান থেকে সরব না।' নিজের দলের ইস্তেহারও প্রকাশ করেছেন রাজন্যা। ইস্তেহারে কর্মসংস্থান, চাকরির সঙ্কট, মৌলিক অধিকার নিশ্চিত করা, মহিলাদের সুরক্ষা-সহ একাধিক বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে।
সোনারপুর দক্ষিণ কেন্দ্রের সমস্যা প্রসঙ্গে রাজন্যা বলেছেন, গত পাঁচ বছরে এখানে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। মানুষকে নাজেহাল করে ছেড়েছে। এই অঞ্চলে রাস্তা-ঘাট ভেঙে পড়েছে। পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই। এমনকী, নিকটবর্তী মেট্রো স্টেশনে যাওয়ারও সঠিক ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রাকে আক্রমণ করে রাজন্যা বলেছেন, বিধায়ককে তাঁর বিধানসভা কেন্দ্রে খুব বেশি দেখা যায় না। তাঁর বিরুদ্ধে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। বিধায়কের ঘনিষ্ঠ মহলের লোকজনই তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন বলেও দাবি করেছেন রাজন্যা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.