WB DA Case: ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল, রাজ্যকে স্টেটাস রিপোর্ট জমার নির্দেশ

Published : May 27, 2026, 04:34 PM IST
SC defers hearing on DA arrears case involving Bengal government asked to file status report

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া মেটানোর প্রক্রিয়া কত দূর এগিয়েছে, জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। আপাতত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া মেটানোর প্রক্রিয়া কত দূর এগিয়েছে, জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। আপাতত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকের দিন স্থির হয়েছে ১ জুন। সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।

কেন্দ্রীয় হারে ডিএ এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা। দীর্ঘ দিন ধরে ডিএ মামলা বিচারাধীন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মচারীদের বকেয়া বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে অবিলম্বে। বাকি অংশ ধাপে ধাপে মেটানোর কথা বলেছিল সুপ্রিম কোর্ট। তার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া ডিএ দেওয়া হয়নি। আদালত অবমাননার অভিযোগ তুলে গত ফেব্রুয়ারিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে।

আজকের শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে, ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে।" এরপরেই বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পি কে মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানায়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে।

এদিকে, ডিএ নিয়ে নবান্নের বৈঠকের দিন বদল। ৩০ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হচ্ছে না ডিএ নিয়ে আন্দোলনে নামা সরকারি কর্মচারী সংগঠনগুলির। ৩০ মে-র বদলে ওই বৈঠকটি হবে ১ জুন। নবান্নের ১৪ তলায় কনফারেন্স রুমে বিকেল ৫টায় বৈঠকটি হবে। বৈঠকের দিন বদল নিয়ে ইতিমধ্যেই সংগঠনগুলিকে চিঠি পাঠানো হয়েছে। এই চিঠির কথা স্বীকার করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ফেসবুক পোস্টে চিঠি পোস্ট করে তিনি লিখেছেন, "মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে DA মামলাকারী সংগঠনগুলির পূর্ব নির্ধারিত আলোচনার দিন পরিবর্তিত হয়ে আগামী ১লা জুন বিকাল পাঁচটায় স্থির হয়েছে। আমরা আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সকলের বকেয়া DA সংক্রান্ত সমস্যার সমাধান করবেন। SJM এর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।"

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিও ও কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্যের নতুন বিজেপি সরকার। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে। সেদিন ডিএ নিয়ে কোনও ঘোষণা না হওয়াতে আশাহত হন সরকারি কর্মচারীরা। এবার সেই ক্ষোভ কমাতে তাঁদের সঙ্গে বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকে ডিএ নিয়ে আন্দোলনে নামা সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলিকে ডাকা হয়েছে। সূত্রের খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠক ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্মেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Asansol News: একের পর এক সরছে ‘বিশ্ববাংলা’! এবার আসানসোলে গ্লোব সরাতেই হাততালি স্থানীয়দের
Kakoli Ghosh Resigns: ফের ধাক্কা তৃণমূল শিবিরে, দলের সব পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার