
নির্বাচনের ফল ঘোষণার পর বিরোধীদের হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিযুক্ত দিলীপ মণ্ডল-কে অবশেষে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। বুধবার সকালে ওড়িশার পুরীর একটি হোটেল থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পাওয়ার পর West Bengal Special Task Force-এর একটি বিশেষ দল পুরীর নিউ মেরিন ড্রাইভ সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায়। সেখান থেকেই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
গত ১৪ মে ভোরবেলা দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বিধায়কের দুটি বাড়িতে একযোগে তল্লাশি চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশাল বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ পৌঁছনোর কিছুক্ষণ আগেও তাঁকে বাড়িতে দেখা গিয়েছিল বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু বাহিনী পৌঁছতেই তিনি গা ঢাকা দেন।
তল্লাশির সময় বিধায়কের বিশাল বাড়ি দেখে অনেকেই বিস্মিত হন। সূত্রের দাবি, বাড়ির ভিতরে ছিল সুইমিং পুল, বড় বাগান এমনকি একটি ছোট চিড়িয়াখানাও। পরে পুলিশ তাঁর মোবাইল ফোন খুঁজতে গিয়ে জানতে পারে, তাঁর দুটি ফোনই বাড়িতে পড়ে রয়েছে।
দিলীপ মণ্ডলকে না পেয়ে পরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। এরপর ১৭ মে রাতে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডল-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করে STF এবং ডায়মন্ড হারবার পুলিশ। হাইকোর্টেও গিয়েছিলেন বিধায়ক।
গ্রেফতার এড়াতে ২২ মে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ মণ্ডল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী আইনি সুরক্ষার আবেদন জানান। আদালত তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইনি পদক্ষেপেও রক্ষা হল না। দীর্ঘ কয়েকদিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর অবশেষে পুরীর হোটেল থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হল STF। এখন তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.