SFI Protest: বুকস্টল ঘিরে তুমুল বচসা। কলেজ স্ট্রিটে কার্যত, ধুন্ধুমার পরিস্থিতি। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর বুকস্টল করতে দেয়নি পুলিশ। সেই প্রতিবাদে রাস্তার মধ্যেই বইয়ের পসরা সাজিয়ে বসে পড়েন এসএফআই কর্মীরা (SFI Protest)। সঙ্গে ছিল হাতে লেখা টিফো এবং সংগঠনের ঝান্ডা। আর তারপরেই মঙ্গলবার দুপুরে, রীতিমতো খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় কলেজ স্ট্রিট চত্বরে। SFI কর্মীদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। বই বিক্রি করতে দেওয়া হবেনা এবং পারমিশন নেই, সেই কারণেই গ্রেফতার করা হয় তাদের।
এসএফআই কর্মীরা এদিন যে বইগুলি নিয়ে বসেন তার মধ্যে ভগৎ সিংহের ‘জেল নোটবুক’, ‘ভারতের সংবিধান পরিচয়’, অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শকুন্তলা’, ‘ক্রান্তদর্শী শিবরাম’, ‘ছোটদের সেরা বিজ্ঞান সংকলন’ এবং শিশুদের আঁকার বই সহ আরও অনেক। কিন্তু পুলিশ তাদের কিছুতেই বই নিয়ে বসতে দেয়নি। বরং, সেই বইয়ের সম্ভার দেখেই ছুটে আসে বিশাল পুলিশবাহিনী এবং তাদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরেই এই নভেম্বর মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসের বাইরে ‘সংগ্রামী বইপত্র' নামে একটি বুকস্টলের আয়োজন করে এসএফআই। কিন্তু এবার সরকার বদলানোর পর, সেটি করতে দেওয়া হয়নি। তারই প্রতিবাদে মঙ্গলবার, প্রতিবাদে নামেন বাম ছাত্র সংগঠনের কর্মীরা। এসএফআই কর্মীদের অভিযোগ, পুরুষ পুলিশকর্মীরা বেপরোয়াভাবে মহিলাদের টানাহেঁচড়া করেছেন। এমনকি, এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-কে রীতিমতো টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয় এবং এক ছাত্রের গলা টিপে ধরা হয় বলেও অভিযোগ তুলেছে এসএফআই।
এসএফআই নেতৃত্বের দাবি, তারা জোড়াসাঁকো থানা এবং কলকাতা পুরসভার কাছ থেকে যাবতীয় অনুমতি নিয়ে রাখেন আগেই। পাশাপাশি, তাদের কাছে ট্যাক্স সংক্রান্ত কাগজপত্রও আছে। কিন্তু আগেরদিন সন্ধ্যাবেলায়, লালবাজারের তরফ থেকে হটাৎ জানানো হয় বুকস্টলের অনুমতি নেই। অন্যদিকে, এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল এবং কংগ্রেস। দুই দলের তরফেই এসএফআই-এর উপর পুলিশের অ্যাকশনের নিন্দা করা হয়েছে।
এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন বলেন, “আমরা বলেছিলাম, বুকস্টল আমরা করবই। যতই আক্রমণ করুক, আমরা করেই ছাড়লাম। প্রিজন ভ্যান আনা হয়েছে, বিশাল পুলিশবাহিনী আনা হয়েছে কারণ, শুধু বইকে আটকানোর জন্য। বইকে কেন এত ভয় বিজেপির? কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় বসে বই বিক্রি করছিলেন। বই পড়ার মানুষজন এসে পাশে দাঁড়িয়েছিলেন। তারপরে অকথ্য মারধর শুরু হয়। ছাত্রছাত্রীদের রাস্তায় ফেলে মারধর শুরু করে পুলিশ এবং তারপর অ্যারেস্ট। এটা স্পষ্ট, বইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার।"
এসএফআই-এর পাশে দাঁড়িয়ে তৃণমূল আইটি সেলের সভানেত্রী উপাসনা চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, “যারা বাচ্চাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়েছিল তারা কোনওদিনই কলমের মর্যাদাটা বুঝতে পারবে না। এটাই বারবার স্পষ্ট হচ্ছে চোখের সামনে। সেই কারণে, সিপিএম-এর স্টল ভাঙচুর হয়েছে।" এমনকি, এসএফআই-এর পাশে দাঁড়িয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদও। সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী জানিয়েছেন, “বিজেপি সরকার আসলে চায় না, কেউ পড়াশোনা করুক। শিক্ষামুখী হোক। তারা অন্ধভক্ত তৈরি করতে চায় দেশজুড়ে। ওদের গোটা দলটাই শিক্ষাবিমুখ। দলদাস পুলিশ আজ যেভাবে অত্যাচার চালাচ্ছে, তা কখনওই মেনে নেওয়া যায় না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.