চাকরির পরীক্ষার ফর্ম ফিলআপে লাগবে না টাকা, ঘোষণা শুভেন্দু অধিকারীর

Published : Nov 17, 2026, 11:44 AM IST
Suvendu Adhikari

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সরকারি চাকরির পরীক্ষায় এবার থেকে আর কোনও আবেদন ফি লাগবে না। পাশাপাশি ছাত্রীদের জন্য 'ভগিনী নিবেদিতা' এবং চাকরিপ্রার্থীদের জন্য 'ভরসা' নামে নতুন আর্থিক সাহায্য প্রকল্প চালু হতে চলেছে।

সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে প্রথম পদক্ষেপ আসে ফর্ম ফিলআপ। আর প্রতিবারই ফর্ম ফিলআপ করতে জমা দিতে হয় টাকা। আবার এমন অনেকে আছেন, যারা একাধিক পরীক্ষায় আবেদন করেন, তাদের বারে বারে দিতে হয় টাকা। সব মিলিয়ে চাকরিপ্রার্থীদের পরীক্ষায় বসতেই অনেক টাকা খরচ হয়ে যায়। এবার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সদ্য শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী দিনে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে আর কোনও ফি দিতে হবে না। পাশাপাশি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্যও টাকা দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিজেপির সংকল্পপত্রে সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে নেওয়ার কথা বলা হয়েছিল।সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের কাজ চলছে। বিষয়টি নিয়ে অর্থ দফতরও কাজ করছে। উপযুক্ত সময়ে এই নিয়ম চালু করা হবে।

সেই সঙ্গে এই নিয়ম কেন চালু করা হয়েছে তারও বর্ণনা দেন। PSC-র ক্লার্কশিপ পরীক্ষার উদাহরণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই পরীক্ষায় ৯ হাজার পদের জন্য প্রায় সাড়ে ৮ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রত্যেককে ৫০০ টাকা করে দিতে হলে অনেক টাকা জমা হয়। কিন্তু, চাকরি পাবেন মাত্র ৯ হাজার। বাকি যারা চাকরি পাবেন না তাদের পরীক্ষায় বসার জন্য টাকা খরচ করতে হচ্ছে। এই বিষয় মাথায় রেখেই আবেদন ফি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে আবার মেয়েদের পড়াশোনার জন্যও নতুন প্রকল্প আনছে রাজ্য সরকার। আগামী জানুয়ারি মাস থেকে চালু হবে ভগিনী নিবেদিতা স্কিম। উচ্চমাধ্যমিক পাশ করার পর যে ছাত্রীরা আরও পড়াশোনা করতে চান, তাদের এই প্রকল্পে সাহায্য করা হবে। তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এরই পাশাপাশি যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের সাহায্য করতে চায় রাজ্য সরকার। সেই কারণে চালু করা হবে ভরসা স্কিম। এই প্রকল্পে গ্র্যাজুয়েট ও নন গ্র্যাজুয়েটদের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এখনও চাকরি পাননি, তারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর এই সাহায্য দেওয়া হবে। প্রকল্পের কাজ চলছে। খুব তাড়াতাড়ি এই বিষয় বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ছট নিয়ে কল্যাণের বাঙালি কার্ডের যোগ্য জবাব লকেট-সৌমিত্রদের। মমতার সাংসদকে কীভাবে ধুলেন বিজেপি নেতারা
WB Cyclone Alerts: ঘূর্ণিঝড় 'আখভান'র দাপটে বঙ্গে অতিভারী বৃষ্টির শঙ্কা! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?