
Suvendu Adhikari News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর চলাকালীন একদিকে যেমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হল, তেমনই তীব্র উত্তেজনাও তৈরি হল। মঙ্গলবার উত্তরকন্যায় বিপর্যয় মোকাবিলা নিয়ে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত হেলিপ্যাডে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি দিলীপ রায়ের ছেলে বাপি রায় ‘আর্মি’ লেখা গাড়ি নিয়ে হেলিপ্যাডে ঢুকে পড়েন। সেই সময় সেখানে বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের ভিড় ছিল। তাঁরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হন। এরই মধ্যে হেলিপ্যাডে অন্য গাড়ি ঢুকে পড়ায় উত্তেজনা তৈরি হয়। এই গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকে। তা সত্ত্বেও হেলিপ্যাডে কীভাবে অন্য গাড়ি ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
হেলিপ্যাড থেকে গাড়িটি সরানোর চেষ্টা করে পুলিশ। এরই মধ্যে এক বিজেপি কর্মী বাঁশ দিয়ে গাড়ির পিছনে আঘাত করেন বলে অভিযোগ। এরপরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশকর্মীদের মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রী অবশ্য এই হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চড়েননি। তিনি উত্তরকন্যা ছাড়ার আগেই হেলিকপ্টার উড়ে যায়। মুখ্যমন্ত্রী সড়কপথে বাগডোগরা রওনা হন। তিনি খারাপ আবহাওয়ার জন্য কালিম্পঙে যেতে পারেননি। ভার্চুয়ালি একাধিক উন্নয়নমূলক কর্মসূচি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গের পাহাড় ও চা বাগান অঞ্চলের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন উত্তরবঙ্গের চা বাগানগুলিতে কর্মরত শ্রমিকদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া, আর্থিক ও অন্যান্য সমস্যায় থাকা চা বাগানগুলির সমস্যা মেটানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ সরকার। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করছে। অসমের পাশাপাশি বাংলাতেও ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা ২০২১’ চালু করা হবে। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে এই প্রকল্প চালু করতে দেয়নি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.