Suvendu Adhikari News: বিরাট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari news)। জানিয়ে দিলেন, রাজ্য সরকার কোনওভাবেই শিক্ষাকে পণ্য হতে দেবে না। সোমবার, বিকাশ ভবনে এসে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইতিমধ্যেই যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান ‘নো অবজেশন সার্টিফিকেট’ বা ‘এনওসি’ পেয়েছে, সেখানে ইন্সপেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Suvendu Adhikari breaking news)।
সেই প্রত্যেকটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করবে সরকারি প্রতিনিধি দল। যদি ফি কাঠামো সহ সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীদিনে আবার তাদের অনুমতি দেওয়া হবে। প্রসঙ্গত, এই বৈঠকে যোগ দিতে দিল্লি থেকে ৮ জন আধিকারিক এসেছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন এবং রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষা দফতরের সমস্ত আধিকারিকরা।
মুখ্যমন্ত্রীর কথায়, "ইনস্পেকশন চালানোর পর, তারা যদি যথাযথভাবে সিস্টেমকে চালান এবং তাদের ফি যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে তাদেরকে আবার আগামীদিনে অনুমোদন দেওয়া হবে। কারণ, শিক্ষাকে আমরা পণ্য হতে দেব না। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষা ব্যবস্থাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব।’’
অন্যদিকে, উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, সরকার কখনওই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। কিন্তু সেখানে শিক্ষা সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, সেটা সরকার অবশ্যই খতিয়ে দেখবে। জানা গেছে সোমবারের আলোচনা খুবই সদর্থক হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি পুরোপুরি নির্ভরশীল না হয়েও পড়ুয়াদের আধুনিক শিক্ষা কীভাবে দেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নতির জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের স্কুলগুলি অর্থসাহায্য পেতে শুরু করবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.