
2026 West Bengal Legislative Assembly election: বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (AITC) হারতেই প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন দলীয় নেতারা। এবার মুখ খুললেন পুরাতন মালদা। পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি দলের খারাপ ফলাফল নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন। তিনি সরাসরি দায় চাপালেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের উপর। বুধবার দুপুরে পুরাতন মালদা পৌরসভায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'এবারের নির্বাচনে সংগঠনের ভেতরে একাধিক ত্রুটি ও ভুল সিদ্ধান্তের কারণেই এই ফলাফল হয়েছে।' তাঁর অভিযোগ, নেতৃত্বের একাংশের একতরফা সিদ্ধান্ত এবং স্থানীয় স্তরের মতামতকে গুরুত্ব না দেওয়ার ফলেই সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোটের ফলে।
অভিষেককে তোপ দেগে কার্তিক বলেছেন, 'অহঙ্কারের পতন হয়েছে। সারা বাংলার মানুষ অহঙ্কারের পতন ঘটিয়েছে। সব দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উনি দল সম্পর্কে কী জানেন? একটা বাচ্চা ছেলে, ৩৪ বছরের ছেলে সব বৃদ্ধ সাংসদ-বিধায়কের বাড়ির চাকর-বাকর ভাবত। তার ক্যামাক স্ট্রিটে গেলে কাউকে পাত্তা দেওয়া হত না। আমাদের বিপর্যয়ের জন্য দায়ী আইপ্যাক সংস্থা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৭৪ জন বিধায়ককে বসিয়ে দেওয়া হল। সারা উত্তরবঙ্গ জুড়ে চেয়ারম্যান বদল করা হয়েছে। কী অন্যায় করেছিলাম আমরা? উনি সবসময় লিডারদের থ্রেট করতেন, দেখবেন, সকালে উঠে আপনার চাকরি চলে যাবে। চার তারিখ সকালে বাংলার মানুষ যে রায় দিয়েছে, তাতে তাঁর চাকরিটা চলে গিয়েছে।'
মালদার এই তৃণমূল কংগ্রেস নেতা অভিষেককে আক্রমণ করে আরও বলেছেন, ‘লোকাল গ্রাউন্ডে কী বোঝেন? মাটি চেনেন? কারা কী রিপোর্ট দিয়েছে তার ভিত্তিতে চেয়ারম্যান রিমুভড! চেয়ারম্যান রিমুভ করে কি ফল ভালো হয়েছে? মানুষ ফলের মধ্যে দিয়ে যোগ্য জবাব দিয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হারের পরেও পদত্যাগ করতে রাজি নন। তবে কার্তিক জানিয়েছেন, তিনি মানুষের রায় মাথা পেতে নিচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.