
West Bengal Assembly Elections 2026: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর কতদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে নতুন সরকার। সোমবার এমনই বলল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আর্জি জানানো হয়েছে। এই আর্জির পরিপ্রেক্ষিতে সোমবার শীর্ষ আদালত দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। প্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী বলেছে, 'এ বিষয়ে রাজনৈতিক কার্যনির্বাহীরাই সিদ্ধান্ত নেবেন। রাজ্যকে আদালতের দ্বারা নয়, রাজনৈতিক কার্যনির্বাহীদের দ্বারাই চলতে দিন।' আদালতের এই বক্তব্যেই স্পষ্ট, ভোটপর্ব মিটে যাওয়ার পর রাজ্যে আইন-শৃঙ্খলা সামাল দেওয়ার ভার নতুন সরকারের উপরেই বর্তাবে। ভোটপর্বে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের (Election Commission of India)। এবার নতুন সরকার দায়িত্ব নিলে তাদের উপরেই আইন-শৃঙ্খলা রক্ষার ভার থাকবে।
গতবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়েছিল। বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর, হামলা, ধর্ষণ, খুনের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস (AITC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সে কথা মাথায় রেখেই এবার ভোটের ফল প্রকাশের পরেও বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার কথা আগেই জানানো হয়েছিল। সোমবার ভোট গণনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী, কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতির খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে অশান্তি, উত্তেজনা যাতে না বাড়ে, তা নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হতে পারে।
ভোটের ফল প্রকাশের আগে থাকতেই বিজেপি শীর্ষ নেতৃত্ব শান্তি বজায় রাখা এবং দলীয় কর্মী-সমর্থকদের প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দিয়েছিলেন। সোমবারও সেই বার্তা দেওয়া হচ্ছে। ক্ষমতায় আসার পর গতবারের হিংসার পুনরাবৃত্তি চাইছে না বিজেপি। ফলে আরও কিছুদিন রাজ্যে থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.