সরকারি পরিষেবা দিতে অযথা দেরি হলে এবার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হওয়ায় তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হলেই সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ় করার নির্দেশ দিল রাজ্য সরকার।
সরকারি পরিষেবা দিতে অযথা দেরি হলে এবার জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হওয়ায় তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হলেই সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ় করার নির্দেশ দিল রাজ্য সরকার। সরকারি কাজে গতি আনা এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে এই পদক্ষেপ নবান্নের। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত দফতরে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল।
26
সরকারি শংসাপত্র, অনুমোদন, পারমিট কিংবা লাইসেন্সের জন্য আবেদন করার পর অনেক ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে তার নিষ্পত্তি হয় না। বিভিন্ন সরকারি নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আবেদনের নিষ্পত্তি না হলে কিছু ক্ষেত্রে সেটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হয়। প্রশাসনিক পরিভাষায় এই ব্যবস্থাকে বলা হয় ‘ডিমড অ্যাপ্রুভাল’। এবার এই ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট আধিকারিকের দায়বদ্ধতা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার।
36
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হওয়ায় সেটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হলে সংশ্লিষ্ট আধিকারিককে শোকজ় করতে হবে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তা জানতে চাইবেন সংশ্লিষ্ট দফতরের প্রধান। শুধু শোকজ করেই বিষয়টি শেষ হবে না। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে লিখিত জবাব দিতে হবে। সেই জবাব খতিয়ে দেখে প্রযোজ্য চাকরিবিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।
46
এখানেই শেষ নয়, প্রতিটি দফতরকে নিয়মিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। কতগুলি আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়েছে, কতজন আধিকারিককে শোকজ় করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রিপোর্টে সেই তথ্য উল্লেখ করতে হবে।
56
পাশাপাশি, ২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন অনুযায়ী সরকারি পরিষেবা দেওয়ার নির্ধারিত সময়সীমা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি দফতরের প্রধানকে নিয়মিত এই বিষয়টি পর্যালোচনা করতে হবে, যাতে কোনও আবেদন অকারণে আটকে না থাকে। পশ্চিমবঙ্গে ২০১৩ সাল থেকেই Right to Public Services Act কার্যকর রয়েছে। এই আইনে নির্দিষ্ট সরকারি পরিষেবা পাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোনও যোগ্য আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা না পেলে আপিল করতে পারেন। আইন অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া পরিষেবা দিতে দেরি হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থাও রয়েছে। প্রতিদিন ২৫০ টাকা করে জরিমানা হতে পারে, যার সর্বোচ্চ সীমা ১০০০ টাকা। পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের সুপারিশও করা যেতে পারে।
66
রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল সমস্ত দফতরকে এই নির্দেশিকা পাঠিয়েছেন। নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে সরকারি পরিষেবা প্রদানে দেরি কমার পাশাপাশি আধিকারিকদের জবাবদিহিও বাড়তে পারে। সাধারণ মানুষ যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি পরিষেবা পান, তা নিশ্চিত করতেই নবান্নের এই উদ্যোগ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.