
Demand for Separate State: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) দামামা বাজতেই উত্তরবঙ্গের (North Bengal) রাজনীতিতে বড়সড় পট পরিবর্তন। পৃথক রাজ্যের দাবিকে হাতিয়ার করে এবার হাত মেলালেন গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) প্রধান বিমল গুরুং (Bimal Gurung) এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamatapur State Demand Council)। বুধবার আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া সংলগ্ন মাকরাপাড়া চা বাগানে আয়োজিত এক যৌথ সভা থেকে এই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা করা হয়। এই ঘোষণায় ডুয়ার্স ও পাহাড়ের রাজনীতিতে বড় বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস (AITC) ও বিজেপি-র (BJP) অবস্থান গুরুত্বপূর্ণ হতে চলেছে।
এদিন গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে যৌথ সভার পর কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট তপতি রায় মল্লিক জানান, গোর্খা জনমুক্তি মোর্চা এবং তাঁদের সংগঠনের লক্ষ্য এক-পৃথক রাজ্য গঠন। এই দাবিকে আরও জোরালো করতে দুই সংগঠন মিলে ‘সেপারেট স্টেট ডিমান্ড কমিটি’ (Separate State Demand Committee) নামে একটি সাধারণ মঞ্চ তৈরি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে।
অন্যদিকে, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি গুরুং বলেন, 'আজকের বৈঠকে তরাই, ডুয়ার্স এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়ন ও অধিকার নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে সাধারণ মানুষের জনমত সংগ্রহ করতে আমরা শীঘ্রই ময়দানে নামছি।' আসন্ন নির্বাচনে জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে কি না, তা আগামী দিনে স্পষ্ট করা হবে বলেও জানান তিনি। গোর্খা জনমুক্তি মোর্চা ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল যদি একসঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করে, তাহলে পাহাড় ও ডুয়ার্সে ভোটের লড়াই অন্যদিকে মোড় নেবে। সবমিলিয়ে ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.