
West Bengal Police: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) প্রাক্কালে নজরদারি আরও কড়া হতেই বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার অন্তর্গত চাঁদার মোড় অঞ্চলে নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক একটি গাড়ি আটক করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, হাবরা থেকে হরিণঘাটার দিকে যাচ্ছিল গাড়িটি। তল্লাশি চালাতে গিয়ে একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নগদ টাকা। পুলিশ সূত্রে খবর, মোট ৬ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। গাড়িতে থাকা ব্যক্তি জয়নগরের বাসিন্দা ধান ব্যবসায়ী আপি মন্ডল বলে জানা গিয়েছে। তিনি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে দাবি করেন। তবে ওই টাকার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাঁকে এবং উদ্ধার হওয়া টাকা আটক করেছে। ভোটের আগে এত বড় অঙ্কের টাকা কোথায় এবং কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
সম্প্রতি কলকাতা থেকেও বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উত্তর কলকাতার শ্যামবাজারের কাছে বড়তলা থানা অঞ্চল থেকে ১৭ লক্ষ টাকা, মধ্যে কলকাতার নিউ মার্কেট অঞ্চল থেকে ২০ লক্ষ টাকা, বড়বাজার থেকে ১৬ লক্ষ ৪০ হাজার টাকা এবং পোস্তা অঞ্চল থেকে চার লক্ষ টাকা উদ্ধার করেছে এসএসটি, কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশ। সবমিলিয়ে এক দিনেই কলকাতা থেকে প্রায় ৫৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে নিয়মিত নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে অন্য রাজ্যগুলির সীমানা অঞ্চলগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ (Bangladesh), নেপাল (Nepal), ভুটান (Bhutan) সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একযোগে নজরদারি চালাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.