
কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। আরও ২ ডিগ্রি কমল তাপমাত্রা। পারদ ১৭ ডিগ্রির ঘরে পৌঁছেছে ইতিমধ্যেই। আপাতত আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজও বৃষ্টির সম্ভাবনা নেই । ঘুর্ণিঝড়ের প্রভাব কেটে যেতে উত্তরে হাওয়া ঢুকে গিয়েছে। এর ফলেই কমছে তাপমাত্রা। আগামি কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শীতের আমেজ ক্রমশ বাড়ছে বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে পথচলতি মানুষ ও গাড়িচালকদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন না হলেও তাপমাত্রার পারদ ধীরে ধীরে নিম্নমুখী হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের দিকে ঠান্ডার অনুভূতি বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে নেমে আসতে পারে। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও নামছে তাপমাত্রা। পাশাপাশি বাড়ছে কুয়াশার প্রভাব। ভোরের দিকে একাধিক জায়গায় দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে। কোথাও কোথাও তা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
অন্যদিকে, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ক্রমশ অসমের দিকে সরে যাচ্ছে। এর মধ্যেই তাপমাত্রার ওঠানামা ও কুয়াশার দাপট নিয়ে আবহাওয়ার দিকে নজর রাখছেন রাজ্যবাসী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.