Suvendu On Vegetables Price: শাকসবজি-আনাজপাতির দামে ছেঁকা। বাজারে গেলেই পকেট ফাঁকা হওয়ার যোগার। এই অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। কী বলছে প্রশাসক? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Vegetables Price: শীত পড়ে গেলেও নিত্যপ্রয়োজনীয় শাকসবজির সবকিছুরই দাম আকাশছোঁয়া। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাড়বাড়ন্ত ঠেকাতে মঙ্গলেই নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (suvendu adhikari news)। তারপরও সেভাবে কমেনি সবজির দাম। জানা গিয়েছে, নবান্ন থেকে বৈঠকে এদিন মুখ্যমন্ত্রী শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলির কর্তাদের উদ্দেশেও দিয়েছেন বিশেষ বার্তা।
কী বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও জানান যে, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি জানান, সরকার যেমন সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করছে, তেমনই ব্যবসায়ীদেরও উচিত সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কোনও আড়তদার বা মজুতদার যদি অন্যায়ভাবে কিংবা ইচ্ছে করে বাজারে জিনিসের জোগান কমিয়ে দেয়, তবে সেই খবর প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। এতে প্রশাসন ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি আরও জানান যে, রাজ্য সরকারের মূল লক্ষ্যই হল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেন সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকে। যদিও তিনি আরও বলেন, ''ইচ্ছে করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী-ফড়েরা বাজারে জিনিসের যোগান কমিয়ে জিনিস চড়া দামে বিক্রি করতে বাধ্য করছে। এই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।''
বাজারে সর্ষের তেল, চিনি এবং আলুর অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের দ্রুত আলাদা করে বৈঠকে বসার নির্দেশও দিয়েছেন তিনি। নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর ডাকা এদিনের এই বৈঠকে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা ছাড়াও কৃষি বিপণন দফতরের সচিব, অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
















