
২০২৭ সালের পয়লা জানুয়ারি থেকেই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। আপনি কি এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক? চায়ের দোকান থেকে অটো ভাড়া - সব পেমেন্ট UPI-তেই করেন? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৭-এর শুরু থেকেই বদলে যাচ্ছে ব্যাঙ্কের এসএমএস অ্যালার্টের নিয়ম।
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক সম্প্রতি গ্রাহকদের একটি নোটিফিকেশন পাঠিয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, ১ জানুয়ারি, ২০২৭ থেকে ৫০০ টাকা বা তার কম অঙ্কের ইউপিআই লেনদেনে আর কোনও এসএমএস অ্যালার্ট পাঠানো হবে না।
আগে যে কোনও অঙ্কের UPI লেনদেন করলেই সঙ্গে সঙ্গে ফোনে SMS আসত - কত টাকা কাটল, কোথায় পেমেন্ট হল। এবার থেকে সেই নিয়মে কাটছাঁট হচ্ছে।
- ৫০০ টাকা পর্যন্ত UPI লেনদেন: কোনও SMS অ্যালার্ট পাবেন না। অর্থাৎ আপনি ৫০, ১০০, ২০০, ৪০০ বা ৫০০ টাকা পেমেন্ট করলে মেসেজ আসবে না। - ৫০০ টাকার বেশি UPI লেনদেন: আগের মতোই ইনস্ট্যান্ট SMS অ্যালার্ট পাবেন। - ইমেল অ্যালার্ট: সব লেনদেনের ক্ষেত্রেই চালু থাকবে। ৫০ টাকা হোক বা ৫০ হাজার, ইমেলে আপডেট পাবেন।
অনেকেই ভাবছেন, SMS না এলে প্রতারণা বুঝবেন কীভাবে? ব্যাঙ্ক জানিয়েছে, নিরাপত্তায় কোনও ঘাটতি হবে না। কারণ ইমেল নোটিফিকেশন পরিষেবা ১০০% চালু থাকছে।
এছাড়াও HDFC Mobile Banking App এবং PayZApp-এ সঙ্গে সঙ্গে লেনদেনের হিস্ট্রি দেখতে পাবেন। তবে এর জন্য আপনার রেজিস্টার্ড ইমেল আইডি আপডেট থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্ক গ্রাহকদের ইমেল আইডি আপডেট করার পরামর্শ দিয়েছে।
কীভাবে ইমেল আপডেট করবেন? ১. HDFC NetBanking-এ লগইন করে InstaServices থেকে। ২. HDFC Mobile Banking App থেকে। ৩. নিকটবর্তী HDFC Bank শাখায় গিয়ে।
এর পিছনে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর সংশোধিত গাইডলাইন। RBI জানিয়েছে, ১ জানুয়ারি, ২০২৭ থেকে সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, পেমেন্টস ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ককে ৫০০ টাকার বেশি ইলেকট্রনিক লেনদেনে বাধ্যতামূলকভাবে SMS অ্যালার্ট পাঠাতেই হবে।
কিন্তু ৫০০ টাকা বা তার কম লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি নিজেদের পলিসি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, তবে গ্রাহকদের কাছ থেকে এর জন্য কোনও চার্জ নেওয়া যাবে না। সেই স্বাধীনতার ভিত্তিতেই HDFC Bank এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, UPI-তে অক্টোবর ২০২৬-এ রেকর্ড ২৫.৪৭ বিলিয়ন লেনদেন হয়েছে, যার বেশিরভাগই ছোট অঙ্কের। তাই SMS-এর খরচ কমাতেই এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আপাতত শুধু HDFC Bank এই ঘোষণা করলেও, আগামী দিনে অন্য ব্যাঙ্কগুলিও একই পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।