
Zepto Delivery: কুইক ই-কমার্স অ্যাপ Zepto এবার ফ্রি ডেলিভারির জন্য ন্যূনতম অর্ডারের পরিমাণ বেশ খানিকটা বাড়িয়ে দিল। আগে যেখানে ১৪৯ টাকার জিনিস কিনলেই বিনামূল্যে ডেলিভারি পাওয়া যেত, এখন সেই সুবিধা পেতে হলে অন্তত ১৯৯ টাকার কেনাকাটা করতে হবে। এই পরিবর্তনের ফলে Zepto এখন তাদের প্রতিযোগী Swiggy Instamart এবং Blinkit-এর সমকক্ষ হয়ে উঠল। ওই প্ল্যাটফর্মগুলিতেও ফ্রি ডেলিভারি পাওয়ার জন্য প্রায় একই পরিমাণ টাকার অর্ডার করতে হয়। প্রসঙ্গত, গত বছরই Zepto ফ্রি ডেলিভারির সীমা ৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৪৯ টাকা করেছিল। এখন আবার সেই পরিমাণ বাড়ানোয় ছোটখাটো কেনাকাটার জন্য গ্রাহকদের পকেট থেকে বেশি টাকা খসবে।
নতুন বছরের শুরুতেই দেশজুড়ে গিগ কর্মীদের ধর্মঘট, সামাল দিতে সুইগি, জোমাটোর বড় পদক্ষেপ
এখন থেকে ১৯৯ টাকার কম মূল্যের অর্ডারের জন্য Zepto ৩০ টাকা ডেলিভারি চার্জ নেবে। অর্থাৎ, আপনি যদি শুধু ৪৯ টাকার একটি জিনিস কেনেন, তাহলে আপনাকে ৩০ টাকা ডেলিভারি ফি সহ মোট ৭৯ টাকা দিতে হবে। এই অতিরিক্ত খরচ এড়াতে গ্রাহকদের এখন কার্টে আরও বেশি জিনিস যোগ করতে হবে, যাতে অর্ডারের মোট মূল্য ১৯৯ টাকা ছাড়িয়ে যায়। এমনকি, খুব বেশি অর্ডারের চাপ থাকলে বা ব্যস্ত সময়ে এই ফ্রি ডেলিভারির সীমা বেড়ে ২৯৯ টাকা পর্যন্তও হতে পারে।
কোম্পানির প্রধান লক্ষ্য হল, প্রতিটি অর্ডার থেকে আয় বাড়ানো এবং ব্যবসার আর্থিক ক্ষতি কমানো। কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিসের একটি রিপোর্ট অনুযায়ী, Zepto তাদের আর্থিক বোঝা কমানোর জন্যই নির্দিষ্ট কিছু শহর এবং পিনকোডে এই নতুন নিয়ম চালু করেছে। Zepto-র এমন অনেক গ্রাহক আছেন যারা হঠাৎ দরকার পড়লে ছোটখাটো অর্ডার করে থাকেন। নতুন নিয়মের ফলে ডেলিভারি চার্জ বাঁচাতে তারা হয়তো একবারে বেশি জিনিস কিনবেন। তবে অন্যদিকে, এই সিদ্ধান্তের ফলে যারা শুধু ছোট অর্ডার করেন, তারা হয়তো অ্যাপ ব্যবহার করা কমিয়ে দিতে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।