
টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুকে ঘিরে তদন্তের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। কলকাতার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়েরের পর এবার ওড়িশার তালসারি থানায় এফআইআর করতে গেলেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
জানা গিয়েছে, ঘটনার প্রকৃত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে কলকাতায় প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এবার ঘটনাস্থলের অধীনস্থ থানাতেও অভিযোগ জানিয়ে আইনি প্রক্রিয়াকে আরও জোরদার করতে চাইছেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিকভাবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর। পুলিশ সূত্রে খবর, সমুদ্রের জলে ডুবে যাওয়ার কারণেই এই মৃত্যু। তবে অভিযোগ উঠেছে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শুটিং চলছিল এবং প্রয়োজনীয় অনুমতিও নাকি নেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং যাঁদের গাফিলতিতে এই মৃত্যু, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.