
‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’ নিয়ে যে দীর্ঘদিনের জল্পনা চলছিল, তাতে শেষমেশ সিলমোহর দিলেন পরিচালক জয়া আখতার। সম্প্রতি মনসুন ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছবির সিক্যুয়েল তৈরির কাজ চলছে। জয়া বলেন, “আমরা এটা নিয়ে কাজ করছি।” এই একটি বাক্যেই অনুরাগীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছেন তিনি।
তবে জয়া এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, শুধু একটা সফল ছবির সিক্যুয়েল বানানোর জন্য তিনি ছবিটা বানাতে চান না। তাঁর মতে, অর্জুন, কবীর আর ইমরানের জীবনের এই পর্যায়ে গল্পটা মানানসই হওয়া দরকার। তিনি ব্যাখ্যা করে বলেন, ছবির টিম এখনও ভাবছে যে চরিত্রগুলোর আজকের জীবনের সঙ্গে মিলিয়ে ঠিকঠাক গল্প তৈরি করা সম্ভব কি না। তবে তাঁর মতে, এত বছর পর চরিত্রগুলোর জীবনে কী ঘটেছে, সেটা দেখা বেশ আকর্ষণীয় হবে।
হৃতিক, ফারহান আর অভয়ের পুনর্মিলন জল্পনা উস্কে দিয়েছিল
সিক্যুয়েল নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছিল ২০২৫ সালে, যখন হৃতিক রোশন, ফারহান আখতার এবং অভয় দেওল একসঙ্গে ইয়াস আইল্যান্ডের (Yas Island) একটি বিজ্ঞাপনে কাজ করেন তিন বন্ধুকে একসঙ্গে পর্দায় দেখে অনুরাগীদের মনে পড়ে যায় অর্জুন, ইমরান আর কবীরের কথা। অনেকেই ভেবেছিলেন, বিজ্ঞাপনটি আসলে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’-এর প্রথম ঝলক। জয়া জানান, দর্শকদের প্রতিক্রিয়া এতটাই তীব্র ছিল যে, অনেকেই বিজ্ঞাপনটিকে ছবির ট্রেলার ভেবে ভুল করেছিলেন। যদিও সেই পুনর্মিলন থেকে সিক্যুয়েলের কোনও ঘোষণা হয়নি, কিন্তু তিন বন্ধুকে আবার একসঙ্গে পর্দায় দেখার আগ্রহটা নতুন করে তৈরি হয়েছিল।
আবারও পর্দায় ফিরতে পারে ZNMD-র আইকনিক ত্রয়ী
২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। তিন ছোটবেলার বন্ধু—অর্জুন, কবীর আর ইমরানকে নিয়ে এই ছবির গল্প, যারা স্পেনে একটি রোড ট্রিপে যায়। নিছক ছুটি কাটাতে গিয়ে সেই জীবন বদলে গিয়েছিল তাদের, নিজেদের ভয়, সম্পর্ক আর জীবনের অগ্রাধিকারগুলো নতুন করে ভাবতে শেখায়।ছবিতে ক্যাটরিনা কাইফ, কাল্কি কোয়েচলিন এবং নাসিরুদ্দিন শাহও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এক দশকেরও বেশি সময় পরেও এই ছবি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। বিশেষ করে বন্ধুত্ব, বর্তমানকে উপভোগ করা এবং চেনা গণ্ডির বাইরে পা রাখার সাহসের মতো বিষয়গুলোর জন্য। জয়া আখতার যেহেতু এখন সিক্যুয়েলের কাজে হাত দেওয়ার কথা জানিয়েছেন, তাই অনুরাগীরা হয়তো অর্জুন, কবীর আর ইমরানের সেই স্প্যানিশ অ্যাডভেঞ্চারের পরের গল্পটা দেখার সুযোগ পাবেন।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.