
Anant Singh Viral Video: বিধায়ক বলে কথা। তা তিনি যখন বলেছে জুতোর কাদা পরিষ্কার করার লোকও থাকবে! মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়ের প্রস্তুতি ঘিরে এমনিতেই চর্চা তুঙ্গে ছিল। কিন্তু বুধবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি দৃশ্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চেয়ারে গা এলিয়ে আরাম করে বসে আছেন বিধায়ক মশাই, আর নীচু হয়ে তাঁর জুতোর কাদা পরিষ্কার করছেন দু'জন লোক! বিধায়কের জুতোর কাদা পরিষ্কার করছেন দু'জন! অনন্ত সিংয়ের রাজকীয় মেজাজের ভিডিও ভাইরাল
अनंत सिंह के ठाठ देखिए...जूते का कीचड़ साफ करने के लिए दो लोग लगे हुए हैं...! https://t.co/rVnJtOwk5h
— Rupesh Mishra (@rupeshmishramp) November 24, 2026
ঘটনার সূত্রপাত বিহারের পাটনা জেলার নাদওয়ান গ্রামে। এই গ্রামেই অনন্ত সিংয়ের আদি বাড়ি। বুধবার, ২৫ নভেম্বর তাঁর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে। পাত্র বিহটার এক সিআরপিএফ কমান্ডারের ছেলে ঋষিকেশ কুমার, যিনি অঙ্কিত নামেই বেশি পরিচিত। মেয়ের বিয়ের আয়োজনে যাতে কোনও খামতি না থাকে, তার তদারকি করতে নিজেই মাঠে নেমেছিলেন বিধায়ক। কিন্তু বাধ সাধে অকাল বৃষ্টি। প্রবল বৃষ্টির জেরে বিয়ের মণ্ডপ সংলগ্ন বিস্তীর্ণ এলাকা কাদায় থিকথিক করছিল, কোথাও কোথাও জলও জমে গিয়েছিল। সেই কাদা-জল পেরিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে অনন্ত সিংয়ের জুতোয় কাদা লেগে যায়।
ভাইরাল ভিডিয়োটিতে ধরা পড়েছে ঠিক তার পরের দৃশ্য। আশপাশে তখন অসংখ্য মানুষের ভিড়। তারই মাঝে একটি চেয়ারে দিব্যি রাজকীয় মেজাজে বসে রয়েছেন বিধায়ক। আর তাঁর পায়ের কাছে ঝুঁকে বসে দু'জন ব্যক্তি পরম যত্নে দু'টি জুতোর কাদা মুছে দিচ্ছেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। প্রসঙ্গত, নীতীশ কুমারের এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ অন্তত সিংকে সম্প্রতি দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করেছে জনতা দল (ইউনাইটেড)।
নেটিজেনদের একাংশের মতে, এ যেন ক্ষমতার দম্ভ আর 'ভিআইপি সংস্কৃতি'র চরম নিদর্শন। অনেকে আবার কটাক্ষ করে লিখছেন, একেই বলে 'পয়সা কা পাওয়ার'! অনন্ত সিংয়ের চেনা 'বাহুবলী' ইমেজ আর বিলাসবহুল জীবনযাত্রার প্রসঙ্গ টেনেও শুরু হয়েছে জোর চর্চা। কেউ সমালোচনায় সরব হয়েছেন, তো কেউ আবার মিম বানিয়ে মশকরায় মেতেছেন। সব মিলিয়ে মেয়ের বিয়ের আগেই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন মোকামার এই দাপুটে নেতা।
কী বলছেন অনন্ত সিংয়ের অনুরাগীরা
যদিও বিতর্ককে বিশেষ পাত্তা দিতে নারাজ বিধায়ক শিবির। নাদওয়ান গ্রামে এখন সাজো সাজো রব। প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির ওপর তৈরি হয়েছে বিশালাকার সব প্যান্ডেল, চোখধাঁধানো আলোকসজ্জা আর খাওয়াদাওয়ার ঢালাও বন্দোবস্ত। আমন্ত্রিতদের তালিকায় ভিভিআইপিদের জন্য রয়েছে আলাদা ঘেরাটোপও। শোনা যাচ্ছে, এই রাজকীয় বিয়ের আসরে চার থেকে পাঁচ লক্ষ অতিথির সমাগম হতে চলেছে। তবে কয়েক লক্ষ অতিথির এই মহাযজ্ঞের মাঝে আপাতত নেটপাড়ার যাবতীয় নজর কেড়ে নিয়েছে বিধায়কের জুতো পরিষ্কারের ওই কয়েক সেকেন্ডের ভিডিওই।