
India-Germany Ties: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার, জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের মন্ত্রী-প্রেসিডেন্ট ওলাফ লিসের সঙ্গে দেখা করেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির মধ্যে ভারত-জার্মানি এবং ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহযোগিতা কীভাবে আরও মজবুত করা যায়, সেই বিষয়ে বিস্তারিত কথা হয়েছে (India-Germany Ties)। কৌশলগত, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বে জোর দেওয়া হয় এদিনের বৈঠকে। এক্স (X) হ্যান্ডলে একটি পোস্ট করে জয়শঙ্কর জানান, আলোচনায় ইউক্রেন সংঘাত ও অন্যান্য আঞ্চলিক ইস্যুগুলোও উঠে এসেছে। সেই পোস্টে জয়শঙ্কর লিখেছেন, "জার্মানির লোয়ার স্যাক্সনির মন্ত্রী-প্রেসিডেন্ট ওলাফ লিসের সঙ্গে দেখা করে ভালো লাগল। বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে ভারত-জার্মানি এবং ভারত-ইইউ সহযোগিতার কৌশলগত, অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা হয়েছে। তাঁর ইতিবাচক মনোভাবকে আমি সাধুবাদ জানাই। ইউক্রেন সংঘাত ও অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে।"
এর আগে সোমবার, বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ওলাফ লিসের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। অটোমোটিভ, ইঞ্জিনিয়ারিং, বন্দর, জাহাজ নির্মাণ ও শিপ রিসাইক্লিং, পুনর্নবীকরণযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষ কর্মী এবং প্রতিরক্ষার মতো একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সুযোগ খোঁজার জন্যই এই বৈঠক। লিস বর্তমানে ভারত সফরে রয়েছেন। বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীন বাণিজ্য দফতরের মতে, ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে সুযোগ নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চূড়ান্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে দুই পক্ষই এর সম্ভাব্য সুবিধার কথা উল্লেখ করে। বাণিজ্য দফতর এক্স-এ একটি পোস্টে জানায়, "২০২৭ সালের হ্যানোভার মেসে-তে ভারতকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মন্ত্রী-প্রেসিডেন্ট।" দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) এবং শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরীও জাতীয় রাজধানীতে কৌশল ভবনে লিস ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
এক্স হ্যান্ডলে জয়ন্ত চৌধুরীর পোস্ট অনুযায়ী, শিল্প-ভিত্তিক বৃত্তিমূলক প্রশিক্ষণকে শক্তিশালী করা, শিক্ষানবিশদের সুযোগ বাড়ানো এবং গ্রিন স্কিল ও দক্ষ কর্মীদের যাতায়াতের বিষয়ে সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারত ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে এই বৈঠকগুলো ভবিষ্যতের উপযোগী কর্মী তৈরির ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুলছে। এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে লিস জানান, লোয়ার স্যাক্সনি রাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিদ্যার মতো ক্ষেত্রে দক্ষ ভারতীয় শিক্ষার্থী ও পেশাদারদের আকর্ষণ করতে আগ্রহী। জার্মানিতে যোগ্য কর্মীর চাহিদা মেটাতেই এই উদ্যোগ। ভারতের যুবশক্তি ও দক্ষ পেশাদারদের প্রশংসা করে লিস বলেন, লোয়ার স্যাক্সনির প্রযুক্তিগত ও শিল্প উন্নয়নে ভারতীয় প্রতিভা বড় অবদান রাখতে পারে।
লিস এএনআই-কে জানান, "এটা সত্যিই দারুণ। ভারতে এত তরুণ জনসংখ্যা। আর এআই, ইনফরমেটিক্স, প্রযুক্তি ও পদার্থবিদ্যার মতো ভবিষ্যতের বিষয়গুলোতে এত তরুণ আগ্রহ দেখাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।" তিনি জানান, জার্মানিতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ খোঁজার জন্য ভারতীয় শিক্ষার্থী ও দক্ষ পেশাদারদের উৎসাহিত করতে চায় লোয়ার স্যাক্সনি। দক্ষ কর্মীদের পাশাপাশি, শিল্পের চাহিদা মেটাতে ভারত থেকে হাইড্রোজেন আনার সম্ভাবনাও খতিয়ে দেখছে লোয়ার স্যাক্সনি। লিসের এই সফরের মাধ্যমে ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত, শিল্প, প্রযুক্তিগত, প্রতিরক্ষা এবং দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ার ইঙ্গিত মিলছে, পাশাপাশি ভারত-ইইউ অর্থনৈতিক সম্পর্কও মজবুত হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।